প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন অর্থাৎ ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সামরিক অভিযান, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম প্রতিস্থাপনে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে।
তবে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলোর মেরামতের ব্যয় এখনও এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানাচ্ছে, সম্প্রতি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের একটি শুনানিতে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেছেন। সিনেটে মার্কিন আইনপ্রণেতাদের সামনে ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থের বিবরণ তুলে ধরেন ওই কর্মকর্তা, যিনি আর্থার মিলার নামে পরিচিত। তিনি মার্কিন নৌবাহিনীর আর্থিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক বিভাগের সহকারী সচিব হিসেবে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।
সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগসংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে তিনি ইরান যুদ্ধের ব্যয়ের এই হিসাব উপস্থাপন করেন। আর্থার মিলার বলেন, এই হিসাবের মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্রের খরচ, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের ব্যয় এবং সামরিক অভিযান পরিচালনার খরচ। তবে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলোর মেরামতের খরচ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।
এ বিষয়ে সিনেটর রিচার্ড ব্লুমেনথালের প্রশ্নের জবাবে মিলার স্বীকার করেন, স্থাপনাগুলো মেরামতের অতিরিক্ত ব্যয় এই হিসাবের মধ্যে ধরা হয়নি। তবে, এই খাতে ঠিক কত অর্থ ব্যয় হতে পারে, সে বিষয়ে তার কাছে কোনো হিসাব নেই।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে আলোচনা থমকে যাওয়ার পর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও লড়াই শুরু হয়। এর আগে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারকেও সই করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন