প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : দরপত্র মূল্যায়নের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দরপত্রদাতাদের বারিত (ডিবার্ড) কি না, তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ই-জিপি সিস্টেম এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ওয়েবসাইট থেকে যাচাই করতে হবে।
এছাড়া, যদি কোনো দরপত্রদাতা বারিত হয়ে থাকে, তবে তা দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিপিএ জানায়, বারিত কোনো দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করা বা তার সঙ্গে চুক্তি করা সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। সরকারি ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল ক্রয়কারী এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি ক্রয়ের দরপত্রে অংশগ্রহণের জন্য দরপত্রদাতার আইনি যোগ্যতা থাকা আবশ্যক। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৪ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ১৪৯ বিধি অনুযায়ী, কোনো দরপত্রদাতা যদি অফলাইন বা ই-জিপি সিস্টেমে বারিত হয়ে থাকে, তবে সে সরকারি দরপত্রে অংশগ্রহণ বা চুক্তি পাওয়ার সুযোগ হারাবে।
এছাড়া, দরপত্র আহ্বানের পূর্বে যদি কোনো প্রতিষ্ঠান বারিত না থাকে, তবে দরপত্র মূল্যায়নের সময় যদি ক্রয়কারী কর্তৃক বারিত হয়, তবে ওই দরপত্রদাতা চলমান ও ভবিষ্যতে প্রক্রিয়াধীন দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, আইনি বিধান থাকা সত্ত্বেও সম্প্রতি কিছু দরপত্র মূল্যায়ন কমিটি বারিত দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করছে। অনুমোদনের পর সংশ্লিষ্ট দরপত্রদাতার সঙ্গে চুক্তি সম্পাদন করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ১১৮ বিধির উপবিধি (১৭) অনুযায়ী, যদি কোনো দরপত্রদাতা তার আইনি যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়, তবে তার দরপত্র মূল্যায়নের অযোগ্য হবে।
বারিতের তথ্য যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে পরিপত্রে বলা হয়েছে, দরপত্র মূল্যায়নের সময় মূল্যায়ন কমিটিকে ই-জিপি সিস্টেমের ‘ডিবারমেন্ট’ ট্যাব থেকে অনলাইনে দরপত্রদাতার অবস্থা যাচাই করতে হবে।
এছাড়া, ই-জিপি সিস্টেমের ‘ইভ্যালুয়েশন’ ট্যাবের আওতায় ‘ডিবারমেন্ট স্ট্যাটাস ফ্রম বিপিপিএ ওয়েবসাইট’ তালিকার ‘ভিউ’ লিংকের মাধ্যমে বিপিপিএর ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ ডিবারমেন্ট তালিকাও পর্যালোচনা করতে হবে।
অর্থাৎ, শুধুমাত্র ই-জিপি সিস্টেমের তথ্যের ওপর নির্ভর না করে বিপিপিএর ওয়েবসাইটে প্রকাশিত অফলাইন তালিকাও যাচাই করতে হবে। যদি কোনো দরপত্রদাতা অনলাইন অথবা অফলাইন-যেকোনো একটি মাধ্যমে বারিত থাকে, তবে তাকে উভয় ক্ষেত্রেই বারিত হিসেবে গণ্য করা হবে। এই অবস্থার তথ্য মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক।
পরিপত্রে সংশ্লিষ্ট সকল ক্রয়কারী এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের সরকারি ক্রয় আইন ও বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে দরপত্র মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি পরিপত্রে স্বাক্ষর করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন