১০:১৪ পি.এম
গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের পিঠে ভাঙা কাচ ঢুকে গেছে।
রোববার কুয়াকাটার উদ্দেশ্যে ফিল্ড ওয়ার্কে যাওয়ার সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ‘সব গোপন তথ্য ফাঁস করে দেব’— বিএনপিতে যোগ দেওয়া জামায়াত নেতা মমিন উদ্দিন
ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে তাদের বহনকারী গাড়িগুলো ওই এলাকায় পৌঁছালে সেগুলো আটকে দেওয়া হয়। পরে স্থানীয় একটি হাইওয়ে হোটেলে অবস্থান নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনভর সেখানে পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা।
শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, আলোচনার একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে ‘সিলেটের যারা আছেন, বের হয়ে যান’ বলে মন্তব্য করেন। এর পর একধরনের চাপের মধ্যে তারা সেখান থেকে রওনা দেন। কিছুক্ষণ পর একটি বাজারে পৌঁছালে তাদের গাড়িতে আবারো হামলা চালানো হয়। এ সময় মাইক্রোবাসে ভাঙচুর করা হয়। এতে চালকসহ কয়েকজন আহত হন।
পরে চালক তাদের আবার আগের হোটেলে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংবাদ লেখা পর্যন্ত সেখানকার পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে জানিয়েছেন এক শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক (নিরাপত্তার স্বার্থে) ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই এখনো আতঙ্কে রয়েছি। কী হবে, এখনো কিছু বলা যাচ্ছে না।’
আরও পড়ুন: আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা যায়। পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে সারাদিন তা সম্ভব হয়নি। এখন সবার সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
আহতদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সহকর্মীরা জানিয়েছেন, দুজন আহত হয়েছেন। একজনের মাথায় আঘাত লেগেছে, আরেকজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় পাঠানো হবে।’
প্রক্টর আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানকার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমই
আরও পড়ুন: গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন