০৪:২৬ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ রাখা হয়েছে। পাশাপাশি উদ্বোধন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে ক্রীড়া স্থাপনাগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তার দুই ভাই উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন। এই সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে রংপুর স্টেডিয়ামের নাম তার নামে করার ঘোষণা দিয়েছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেই ঘোষণার বাস্তবায়নের মাধ্যমে শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হলো।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে নয়াপল্টনে বিএনপির র্যালি, শহীদ জিয়াকে স্মরণ
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটি উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া স্থাপনা হিসেবে নয়, বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হোক।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে।
মীর শাহে আলম বলেন, যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, ‘দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল।’
আরও পড়ুন: নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ
বিএনপির রাজনৈতিক ইতিহাসে গুম-খুনের ঘটনা নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছিল, তাদের বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেটা করবে।’
রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রংপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে।
তিনি জানান, রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া রংপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩, হাসপাতালে ভর্তি ১৬৭৪
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন