০৮:০৭ পি.এম
ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর এবং রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
এ সময় তিনি জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেন।
মো. আবদুস সালাম নগরীকে বাসযোগ্য করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বিগত সরকারগুলোর পরিবেশবিরোধী নীতির কারণে আজকের এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর কোথাও খালি জায়গা পাওয়া গেলে, সেখানেই গাছ লাগাতে হবে। কেননা, টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থা হতাশাজনক উল্লেখ করে তিনি আরও বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সম্মিলিত প্রয়াস গড়তে হবে। আমাদের দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে একদিনেই কোটি কোটি গাছ রোপণ করা সম্ভব, যা বিশ্বকে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখাতে পারে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত
বক্তব্যের শেষভাগে ডিএসসিসি প্রশাসক প্রতিশ্রুতি দেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরবাসীর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন