ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত


বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ বলেন, আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে মানবিক গুণাবলী অর্জন করতে পারছে না। শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল করতে না পারার কারণে দেশের কাঙ্খিত উন্নতি সাধিত হচ্ছে না। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতার পরিচয় দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার হিম্মত অনেক শিক্ষার্থীর মধ্যে পাওয়া যাচ্ছে না, যার ফলে যুগের চাহিদার আলোকে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ দেশের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। এখানে অধ্যয়নকারী শিক্ষার্থীগণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হবে।
ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ বরিশাল শাখার চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর মাতুুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি রিয়াজুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং পিস স্কুল বরিশাল শাখার ভাইস চেয়ারম্যান ডা. কে.এম. জাহিদুল ইসলাম। সকাল সাড়ে ৯টায় ক্বারি মাসুদ বিন মোস্তফার পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর হামদে বারি তা'আলা পরিবেশন করেন শিল্পী আহনাফ আদিল।
অনুষ্ঠানে মেহমানবৃন্দ বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কি কি সমস্যা এবং তা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সন্তান প্রতিপালনে এবং তাদের শিক্ষাদানে অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রাখেন। শিক্ষার্থী এবং অভিভাবক মিলে প্রায় সহস্রাধিক ডেলিগেটের উপস্থিতির মাধ্যমে শিল্পকলা একাডেমি সমস্ত হল রুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল শাখার সকল ডোনার, এসোসিয়েট এবং জেনারেল মেম্বার ও পিস ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৫ এম


চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮০ জন

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৩৮০ জনকে গ্রেফতার করেছে।

এ তথ্য আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, পরোয়ানামূলে ৯৬ জন এবং সাজা পরোয়ানামূলে ১৪ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬১ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং একজন মাদক সেবনকারী রয়েছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ হাজার ১০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে। অভিযানে ৫২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ৫২ হাজার ৭১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ কেজি ২৪২ গ্রাম গাঁজা, ৭০ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদ এবং মদ তৈরির ১৭০ কেজি উপাদান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক পরিবারের একাধিক সদস্যকে সারের ডিলার হতে নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৬ এম


এক পরিবারের একাধিক সদস্যকে সারের ডিলার হতে নিষেধ

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : আপিল বিভাগের চেম্বার আদালতের একটি আদেশের ফলে এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হওয়ার সুযোগ পাবেন না।

‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর ৩ (১১) ধারার প্রেক্ষিতে একটি রিটের স্থিতাবস্থা হাইকোর্টের দেওয়া আদেশ আজ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে। এই আদেশের ফলে একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি এবং পারিবারিক একচেটিয়া প্রভাব (মনোপলি) রোধ করার উদ্দেশ্যে সরকার আগের নীতিমালায় সংশোধন এনেছে। গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।

নীতিমালার ৩ (১১) ধারা উল্লেখ করে বলা হয়েছে, ‘সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অপর কেউ ডিলারশিপের বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্যে আবেদন করতে বা খুচরা বিক্রেতা হতে পারবেন না। এক্ষেত্রে পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা ও নির্ভরশীল ভাই ও বোন যারা এক খানায় খাদ্য গ্রহণ করে তাদের বুঝানো হয়েছে।’

নীতিমালা এই ধারাটি চ্যালেঞ্জ করে ঠাকুরগাঁওয়ের রওশন আরা বেগম ও তার স্বামী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৫ অক্টোবর হাইকোর্ট এই দুজনের ক্ষেত্রে নীতিমালার ৩ (১১) ধারাটিতে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করে। তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। আজ বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইকরামুল হক টুটুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে: টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৬ এম


সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে: টুকু

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন-আমরা সবাই বাংলাদেশি। দেশের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ ঢাকায় সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সাভার উপজেলার পূজামণ্ডপসমূহের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছেন। সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সবার আগে বাংলাদেশ-এই চেতনাকে ধারণ করে আমরা পথ চলতে চাই। বাংলাদেশকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে শক্তি হিসেবে নিয়ে আমরা দেশ গড়তে চাই। এই দেশ আমাদের সবার; তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করা সবার দায়িত্ব।

প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মণ্ডপগুলোতে মনিটরিং টিম গঠন করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।

মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদেরও এ কাজে সম্পৃক্ত হতে হবে।

কিশোর অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, কিশোরদের অপরাধের দিকে ঠেলে দেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই কিশোরদের মাদক, অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

দুর্গাপূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি যার যার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর ঝুঁকি দুটোই কমবে।

দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ সব সময় অন্যায় ও অধিকারহরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এমন কোনো শক্তি নেই, যারা ষড়যন্ত্র করে এই দেশের ক্ষতি করতে পারে। তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।

তিনি বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ ও সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়নসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর সিটির অবকাঠামোগত উন্নয়নে ১,৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ এম


রংপুর সিটির অবকাঠামোগত উন্নয়নে ১,৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

রংপুর, ৭ অক্টোবর, ২০২৬ : রংপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে, যার মোট ব্যয় ১,৮১৩ কোটি ২৮ লাখ টাকা। এ উপলক্ষে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (আরপিসিসি) প্রশাসক।

একনেক সভায় আজ রংপুর সিটি এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১,৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের জন্য ২১০ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রকল্প দুটি অনুমোদনের পর আরপিসিসি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন মুঠোফোনে বাসস’কে জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি মন্তব্য করেন, ‘আলহামদুলিল্লাহ- রংপুরের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।’

আরপিসিসি প্রশাসক আরও বলেন, ‘এ দুটি প্রকল্প রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধান, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর বাস্তবায়ন রংপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সুপরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের পথ সুগম করবে।’

তিনি নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, রংপুরের মানুষের উন্নয়ন ও এই অঞ্চলের অগ্রগতির জন্য বড় প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য। প্রশাসক আশা প্রকাশ করেন, সবার যৌথ প্রচেষ্টায় প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে রংপুর মহানগরীর উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

রংপুরকে দেশের অন্যতম সেরা মহানগরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রশাসক বলেন, বরাদ্দকৃত অর্থের ব্যবহারে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এসব উন্নয়ন কর্মকাণ্ডে।

এদিকে, রংপুর মহানগরীর জন্য ইতিহাসে প্রথমবারের মতো এত বিশাল অঙ্কের আর্থিক বরাদ্দ আসায় সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

রিকশাচালক মমতাজ হোসেন মন্তব্য করেন, ‘আগের কোনো সরকার রংপুর শহরের উন্নয়নকে এভাবে অগ্রাধিকার দেয়নি। অবশেষে সড়ক মেরামতসহ সার্বিক উন্নয়নের এই উদ্যোগ নেওয়ায় বর্তমান সরকারের ওপর আমি খুশি।’

কলেজছাত্র মুহাইমেনুল ইসলাম বলেন, ‘১,৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প বরাদ্দের মাধ্যমে রংপুরের প্রতি সরকারের দৃঢ় উন্নয়ন প্রতিশ্রুতি ও আন্তরিকতার প্রমাণ মিলেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%