প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় চতুর্থবারের মতো আজ (২৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। গত সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা চললেও মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে মজুরি নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সর্বশেষ আলোচনা অনুযায়ী, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনা শেষে উভয় পক্ষ তাদের পূর্বের প্রস্তাব সংশোধন করে। এর আগে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। অন্যদিকে, সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা, যা পরে দুই দফায় সংশোধন করে ১৫ হাজার ৮০০ টাকায় পৌঁছানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। আলোচনা চলাকালীন কয়েক দফা বিরতির পর রাত সাড়ে আটটা পর্যন্ত আলোচনা চলে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সভাটি মুলতবি করা হয়। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও সভা শুরু হওয়ার কথা রয়েছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে জানান, মালিকপক্ষের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। এ কারণে উভয় পক্ষকেই আরও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি গণমাধ্যমকে জানান, মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের আলোচনা চলছে। তিনি আরও জানান, চূড়ান্ত সুপারিশ ও সরকারি সিদ্ধান্তের আগে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হবে না।
এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও (২৩ নভেম্বর) গাজীপুর ও সাভারে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এর ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা বন্ধ ছিল। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন