০৬:৫৩ পি.এম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে কুয়ালালামপুর পৌঁছেছেন তারেক রহমান।
রোববার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে তিনি কুয়লালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন।
এর আগে রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় যাত্রা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান এই সফরে দুদিনের জন্য আসছেন। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। সফরের সময়, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এছাড়াও, বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সোমবার দপুরে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন তারেক রহমান। ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফর করবেন।
প্রধানমন্ত্রী তার সফরসঙ্গী ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা হলেন—পররাষ্ট্ৰমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া প্রধানমন্ত্রীর সফর সঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এদিকে, বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুর। সফরের প্রস্তুতি হিসেবে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুর। পথে পথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন