ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত


মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল, ৫ অক্টোবর, ২০২৬ : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা ও করণীয় বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে আইকিউএসি’র উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

আরও পড়ুন: উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করতে হবে : রাষ্ট্রপতির আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করা শুধুমাত্র একটি সূচকে ভালো করার বিষয় নয়, বরং এটি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণার প্রভাব ও আন্তর্জাতিকীকরণ, শিল্প ও সমাজের সঙ্গে সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্তের যথাযথ ব্যবস্থাপনার সমন্বিত ফল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের সঙ্গে র‌্যাঙ্কিং কার্যক্রমকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের যে অগ্রগতি ইতোমধ্যে অর্জিত হয়েছে, তা ধরে রেখে আরও এগিয়ে যেতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করা উচিত।

র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করতে তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনায় নির্ভুলতা এবং সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন: চুনারুঘাটের তাসনিম ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন

অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার Taylor’s University -এর অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচক, র‌্যাঙ্কিং উন্নয়নের কৌশল, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা, তথ্যের মান ও নির্ভরযোগ্যতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, মাভাবিপ্রবির র‌্যাঙ্কিংয়ে সাম্প্রতিক অগ্রগতিকে আরও সুদৃঢ় করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটির খসড়া তালিকা প্রকাশ

এ ধরনের সেমিনার সংশ্লিষ্টদের মধ্যে র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচক সম্পর্কে ধারণা তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবাদি পশু ঘিরে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে জনবল সংকটের অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


গবাদি পশু ঘিরে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে জনবল সংকটের অনিশ্চয়তা

ভোলার নদী ও সাগরবেষ্টিত জেলায় গবাদি পশুর মাংস ও দুগ্ধজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের সফলতার জন্য পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে নেওয়া প্রকল্পের সফলতার দাবি করা হয়েছে। তবে, জেলা ও উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ বিভাগের মধ্যে তীব্র জনবল সংকট বিদ্যমান, যা এই খাতের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সাত উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের অভাবে অত্যাধুনিক পরীক্ষাগার অচল হয়ে পড়েছে। এর ফলে কৃষকের গরু-মহিষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই খামারিরা জনবল বাড়ানোর দাবি জানাচ্ছেন, যাতে মাঠপর্যায়ের সেবা নিশ্চিত করা যায়।

দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে জনবল সংকট চলমান রয়েছে। এই সংকটের মধ্য দিয়েই জেলা প্রাণিসম্পদ বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম তিন ভাগের একভাগ জনবল নিয়ে চলছে।

এদিকে, সাত উপজেলার মধ্যে পাঁচটিতে উপজেলা কর্মকর্তা নেই। কৃত্রিম প্রজনন কেন্দ্র সম্পূর্ণ কর্মীশূন্য হয়ে পড়ায় গবাদি পশুর উন্নত প্রজনন সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। আঞ্চলিক হাঁস প্রজনন খামারেও জনবল নেই। উপজেলা পর্যায়ে সাতটি কার্যালয়ের অর্ধেকের বেশি পদ খালি রয়েছে।

জেলায় গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব থাকলেও সেখানে কোন পদ সৃষ্টি হয়নি। জনবল সংকটের কারণে জেলা প্রাণিসম্পদ বিভাগ কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে সঠিক সময়ে পশুর চিকিৎসাসেবা ও পরামর্শ না পেয়ে ভোলার হাজার হাজার স্থানীয় খামারি ও প্রান্তিক গবাদি পশু পালনকারী দিশাহারা হয়ে পড়েছেন।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, ১১টি পদের বিপরীতে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মরত রয়েছেন মাত্র চারজন। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের ৯টি পদের সবই শূন্য। জেলা ভেটেনারি হাসপাতালের ছয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন চারজন। আঞ্চলিক হাঁস প্রজনন খামারের পাঁচটি পদে কোন জনবল নেই। তবে নেত্রকোনা থেকে প্রেষণে একজন কর্মকর্তা ও আউটসোর্সিংয়ের মাধ্যমে পাঁচজন শ্রমিক হ্যাচারিটিতে কাজ করছেন।

সূত্র জানায়, জেলার সাত উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের ৭৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৩৭ জন। এর মধ্যে সদর ও লালমোহন উপজেলা বাদে বাকি পাঁচটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। ভেটেনারি সার্জন নেই দুইটি উপজেলায়। উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার সাতটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ড্রেসার ও অফিস সহায়কের সাতটি পদের সব কয়টি খালি রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে গত পাঁচ বছরের বেশি সময় ধরে চরম জনবল সংকট বিদ্যমান বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে রোগাক্রান্ত পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংবলিত একটি ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা থাকলেও সেখানে এখনো কোনো পদ সৃষ্টি হয়নি।

জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় বাণিজ্যিক ও পারিবারিক ৭০৫টি খামারে পাঁচ লাখ ৯৫ হাজার গরু, ১৮৮টি মহিষের বাথানে এক লাখ ২৪ হাজার মহিষ, ২৮২টি খামারে দুই লাখ ৬৯ হাজার ছাগল, ১৫১টি খামারে ২১ হাজার ৩০৬টি ভেড়া পালন করা হয়। গরু ও মহিষ থেকে বছরে ১ দশমিক ৭৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদন ও এক দশমিক ২২৭ মেট্রিক টন মাংস উৎপাদিত হয়।

সূত্র জানায়, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গত পাঁচ বছরে ৪২ লাখ ৬৩ হাজার প্রাণিকে ক্ষুরা রোগের টিকা দেওয়া হয়েছে। একই সময়ে পিপিআর রোগের টিকা দেওয়া হয়েছে প্রায় দুই লাখ প্রাণিকে। প্রকল্পের ৯ মাস বাকি থাকতে অর্জিত হয়েছে ৯০ ভাগ সফলতা। এতে প্রাণি মৃত্যুর হার কমে উৎপাদন বেড়েছে।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের গরুর খামারি মো. মাইনুদ্দিন জানান, তিনি গত ১৫ বছর ধরে গরুর খামারে গরু পালন করে আসছেন। কিন্তু প্রাণিসম্পদ দপ্তর থেকে সরকারি কোনো সেবা ও ওষুধ পাননি। গরুর রোগ-বালাই হলে টাকা দিয়ে চিকিৎসক এনে চিকিৎসা করাতে হয়। গত বছর কয়েকটি ক্ষুরা রোগের ভ্যাকসিন পাওয়া গেছে।

সদর উপজেলার ডেইরি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইংরোজ আলম টিমন বলেন, সরকার বিদেশে রোগমুক্ত মাংস রপ্তানির জন্য পিপিআর ও ক্ষুরারোগ মুক্ত করতে চার জেলাকে বাছাই করেছে। এর মধ্যে ভোলা অন্যতম। তবে, প্রাণিসম্পদ দপ্তরের জনবল সংকটের কারণে এ উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। ভোলা জেলায় ছয় লাখেরও বেশি গরু-মহিষ রয়েছে। সে তুলনায় অভিজ্ঞ চিকিৎসক নেই।

ইংরোজ আলম বলেন, বর্তমানে প্রত্যেক ইউনিয়নে একজন করে পশু বিশেষজ্ঞ সার্জন প্রয়োজন। অথচ উপজেলায় একজন সার্জনও নেই। ফলে গবাদিপশু পালনকারীরা বেশিরভাগ সময় পশুর যথাযথ চিকিৎসা করাতে পারছেন না।

ভোলায় প্রাণিসম্পদ খাতে সম্ভাবনা টিকিয়ে রাখতে এবং খামারিদের বাঁচাতে দ্রুত শূন্য পদগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছেন এ খামারি।

জেলা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার জানান, এ হাসপাতালে সাতটি পদের মধ্যে তিনটি পদ খালি রয়েছে। এছাড়া প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ল্যাব দেওয়া হলেও সেখানে কোনো জনবল পদায়ন করা হয়নি।

জনবল সংকটের কারণে রোগ নির্ণয়, টিকাদান, জাত উন্নয়ন, কৃত্রিম প্রজননসহ নিয়মিত চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবুও তারা সেবা দিতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। পরিপূর্ণ জনবল দেওয়া হলে পূর্ণাঙ্গ সেবা প্রদান সম্ভব হবে।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন কালের কণ্ঠকে বলেন, গবাদি পশু পালনে ভোলা একটি সম্ভাবনাময় জেলা। তাই সরকার ভোলাসহ চারটি জেলায় রোগমুক্ত মাংস উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

এ কর্মকর্তা বলেন, ভোলাকে পশুর রোগমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা গেলে এখানকার পশুর মাংস বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এতে কৃষক উপকৃত হবে। তবে, এ উদ্যোগ বাস্তবায়নে অভিজ্ঞ জনবল প্রয়োজন।

তিনি বলেন, প্রত্যেক উপজেলা কার্যালয়ে ১১টি করে পদ রয়েছে। এই পদ আরো বাড়ানোর প্রয়োজন। কিন্তু পদ যেখানে বাড়ানো দরকার, সেখানে জেলার সাত উপজেলায় বর্তমান পদের অর্ধেকের বেশি শূন্য রয়েছে।

জনবল সংকটে রোগ প্রতিরোধ কার্যক্রম ও চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি রোগ নিরাময়, সম্প্রসারণ এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনবলের বিকল্প নেই বলে মনে করেন এ কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বজ্রপাতের শব্দে ১৮ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


বজ্রপাতের শব্দে ১৮ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ২টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। পরপর কয়েকটি বজ্রপাতের শব্দে ভবনের নিচতলার অন্তত ১৮ মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে।

তিনি আরও বলেন, পরে শিক্ষক ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর বজ্রপাত শুরু হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী মাটিতে পড়ে আছে। পরে তাদের অটোরিকশায় করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন জানান, ছয়জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইথিওপিয়া সংঘাত নিয়ে ৪ আফ্রিকান দেশের শীর্ষ নেতাদের যৌথ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ইথিওপিয়া সংঘাত নিয়ে ৪ আফ্রিকান দেশের শীর্ষ নেতাদের যৌথ ঘোষণা

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চারটি দেশের রাষ্ট্রপ্রধানরা ইথিওপিয়ায় চলমান গৃহযুদ্ধ ও সংঘাতের প্রেক্ষাপটে একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছেন। মিসর, এরিত্রিয়া, সোমালিয়া এবং সুদানের নেতারা মিসরের নিউ আলামিন শহরে অনুষ্ঠিত এক চতুর্ভূজ শীর্ষ সম্মেলনে মিলিত হয়ে আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, এরিত্রিয়ার প্রেসিডেন্ট আইসাইয়াস আফওয়ার্কি, সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এবং সুদানের সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান।

যৌথ ঘোষণায় সুদানের সামরিক নেতৃত্বাধীন সরকারকে সমর্থন জানানো হয়েছে এবং সুদান সংঘাতের সমাধানে রাজনৈতিক আলোচনার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ছাড়া, লোহিত সাগরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেবল উপকূলীয় দেশগুলোর হাতে রাখার দাবি উত্থাপন করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে ইথিওপিয়ার গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে, বিশ্লেষকদের মতে। মিসর ও সুদান নীল নদের বিতর্কিত ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম’ নিয়ে একতরফা সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে।

ইথিওপিয়ার সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে মিসর, এরিত্রিয়া ও সুদান তাদের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র জোটকে সহায়তা করছে। তবে, তিনটি দেশই এই অভিযোগ অস্বীকার করে সংঘাত এড়িয়ে আলোচনার ওপর জোর দেওয়ার কথা বলেছে। অন্যদিকে, ইথিওপিয়ার অভ্যন্তরে ফেডারেটিভ বাহিনী এবং টিপিএলএফসহ (Tigray People's Liberation Front) সাতটি সশস্ত্র দলের মধ্যে তীব্র যুদ্ধ চলছে, যা গোটা শৃঙ্গ আফ্রিকায় একটি বড় ভূ-রাজনৈতিক সংকটের আশঙ্কা সৃষ্টি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন কিংবদন্তি এক মঞ্চে, শ্রদ্ধা ও বিনম্রতার অনন্য মুহূর্ত দেখল মুম্বাই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


তিন কিংবদন্তি এক মঞ্চে, শ্রদ্ধা ও বিনম্রতার অনন্য মুহূর্ত দেখল মুম্বাই

এক মঞ্চে মিলিত হয়েছেন তিন কিংবদন্তি, যারা ভিন্ন ভিন্ন জগতের। যখন এই মিলন শ্রদ্ধাবোধ ও মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে, তখন তা কোটি মানুষের মনে দাগ কাটে। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে এমনই একটি আবেগঘন ও হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হলেন উপস্থিত সকলেই, এবং একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

৩ অক্টোবর, মুম্বাইতে ড. পি. জগন্নাথের আত্মজীবনীমূলক বই ‘ডিআর ব্লু : আ ক্যানসার সার্জন’স জার্নি ইনটু দ্য হিউম্যান সাইড অব হিলিং’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার, তাঁর স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার এবং প্রখ্যাত প্রবীণ কবি-গীতিকার গুলজার।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এই তিন কিংবদন্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন প্রবেশ করার সময় শচীন টেন্ডুলকার ও তাঁর স্ত্রী অঞ্জলি অত্যন্ত বিনম্রতার সাথে এগিয়ে এসে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেন এবং আশীর্বাদ নেন। বচ্চন দম্পতিও স্নেহের সাথে শচীনকে জড়িয়ে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ৯০ বছর বয়সী প্রবীণ ব্যক্তিত্ব গুলজার মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিলেন। কথা বলার মাঝখানে কিছুটা অস্বস্তি অনুভব করলে দর্শকাসনে বসা শচীন কালবিলম্ব না করে উঠে গিয়ে এক গ্লাস পানি গুলজারের হাতে তুলে দেন। শচীনের এই বিনয় দেখে গুলজার সাহেব তাঁর হাত চেপে ধরে পরম স্নেহে পানি পান করেন।

অনুষ্ঠান শেষে যখন গুলজার মঞ্চের সিঁড়ি দিয়ে নামছিলেন, তখন প্রবীণ বয়সের কারণে তিনি কিছুটা ভারসাম্য হারাচ্ছিলেন। বিষয়টি লক্ষ্য করে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেন অমিতাভ বচ্চন। ঠিক একই সময়ে দর্শকাসন থেকে দ্রুত ছুটে আসেন শচীন টেন্ডুলকারও। এরপর দুই কিংবদন্তি দুই দিক থেকে গুলজার সাহেবকে পরম যত্নে ধরে সাবধানে মঞ্চ থেকে নিচে নামিয়ে আনেন।

ভারতের বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা পাওয়া এই তারকাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সাধারণ মানুষের মতো একে অপরকে সাহায্য করার মানসিকতা নেটিজেনদের প্রশংসার বিষয় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%