ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, সংকটের শঙ্কা


২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, সংকটের শঙ্কা

বিশ্বজুড়ে খাদ্যসংকটের তীব্রতা বাড়ার আশঙ্কার মধ্যে ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রদানের পরিকল্পনা করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এই সহায়তার জন্য সংস্থাটির প্রয়োজন হবে ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি। তবে, তহবিলের ঘাটতির কারণে, আগের বছরের তুলনায় এবার কম সংখ্যক মানুষকে খাদ্যসহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল আউটলুক ফর ২০২৭’ প্রতিবেদনে ডব্লিউএফপি এই পরিকল্পনার কথা উল্লেখ করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবেলার জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আগাম প্রস্তুতি ও প্রতিরোধমূলক উদ্যোগগুলোকে জোরদার করা অত্যন্ত জরুরি।

গত মাস থেকে মার্কিন নাগরিক লুক লিন্ডবার্গের নেতৃত্বে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষের জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের তহবিলের আবেদন করেছে। অথচ, ২০২৬ সালে সংস্থাটির লক্ষ্য ছিল ১১ কোটি মানুষকে সহায়তা দেওয়া, যা আগামী বছরের জন্য কমিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান কোথায় হারাল, বিমানবাহিনী জানিয়েছে সংখ্যা ৩৫ থেকে ৩২

বর্তমানে, বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন। ডব্লিউএফপির নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের মাত্র এক-তৃতীয়াংশ সহায়তার আওতায় আসবে।

ইরান সংঘাতের কারণে খাদ্য ও পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে কৃষি খাত হুমকির মুখে পড়ায় যুদ্ধবিধ্বস্ত সুদানের মতো অঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে।

ডব্লিউএফপির পরিচালক লরা টার্নার বলেন, ‘তহবিল ঘাটতি আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।’ তিনি জানান, ২০২৬ সালের জন্য সংস্থাটির চাওয়া ১ হাজার ৩০০ কোটি ডলারের তহবিলের মাত্র অর্ধেক পাওয়া গেছে।

এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক লুক জে লিন্ডবার্গ বলেছেন, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য তীব্র ক্ষুধার পরিস্থিতি থেকে বেরিয়ে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষা দেওয়া সম্ভব, তবে এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকার, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগ।

আরও পড়ুন: বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি দিল্লি

সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের জন্য তাদের মোট অর্থায়নের চাহিদার প্রায় ৭২ শতাংশ ব্যয় হবে জরুরি সংকট মোকাবেলায়। বাকি ২৮ শতাংশ বরাদ্দ রাখা হবে ভবিষ্যতের সংকট মোকাবিলায় বিভিন্ন জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়ানোর কর্মসূচিতে।

ডব্লিউএফপির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখোমুখি ছিল। এর মধ্যে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ জরুরি পর্যায়ের বা তার চেয়েও ভয়াবহ ক্ষুধার পরিস্থিতিতে পড়েছিল। খাদ্যসংকটবিষয়ক বৈশ্বিক প্রতিবেদনেও এ চিত্র উঠে এসেছে।

করোনা মহামারি এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে ডব্লিউএফপির কর্মকর্তা ম্যাথিউ হলিংওয়ার্থ বলেন, ‘আমরা সম্ভবত খুব শিগগির ছয় বছরের মধ্যে তৃতীয় বৈশ্বিক খাদ্যসংকটের মুখোমুখি হতে যাচ্ছি।’

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য ও সম্পর্কের গুরুত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার
রাজশাহী নগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ ও ২০ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ জাবেদ আকতার (৫০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ মনিরুল ইসলাম মনা (৪০) ও মোঃ নুরুজ্জামান টুকু (৪৯) ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রাজপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে জাবেদ আকতারকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামের একটি দোকান থেকে মনিরুল ইসলাম মনাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ২০ নভেম্বর দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর একটি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাই চেষ্টা করব যেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি: প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


সবাই চেষ্টা করব যেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি: প্রতিমন্ত্রী মীর হেলাল

ধর্মীয় সম্প্রীতি এবং মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, "বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সব ধর্মের মূল উপপাদ্য বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ প্রতিষ্ঠা।" তিনি উল্লেখ করেন, "আমরা সবাই মিলে যে যে ধর্মের অনুসারীই হই না কেন, চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি।" প্রতিমন্ত্রী আরও বলেন, "বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।"

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত পুণ্যার্থী ও ভিক্ষু সংঘকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে রাজবন বিহারে নির্মাণাধীন বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণকাজে সরকারের পক্ষ থেকে অংশীদারির আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চাকমাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে রাজবন বিহারের জ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষুগণ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার জন্য জেল ও ফাঁসির মঞ্চ প্রস্তুত: হাবিব উন নবী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


হাসিনার জন্য জেল ও ফাঁসির মঞ্চ প্রস্তুত: হাবিব উন নবী

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা দেশে ফিরে এলে তার জন্য দুটি নির্ধারিত স্থান রয়েছে—একটি জেলখানা এবং অপরটি ফাঁসির মঞ্চ। তার জন্য অন্য কোনো স্থান নেই বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। সারাদেশে আওয়ামী লীগের আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

হাবিব উন নবী খান সোহেল বলেন, "দুই-চারটি বাড়ি ও কিছু গাড়িতে আগুন দিয়ে কিংবা রামদা নিয়ে রাস্তায় মিছিল করে বর্তমান সরকারকে ভয় দেখানো যাবে না।" তিনি আরও বলেন, এই সরকার ‘ডামি’ বা নিশিরাতের নির্বাচনের সরকার নয়, বরং এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, "শেখ হাসিনা দেশে আসুক, আমরা তা চাই।" তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা দেশে এলে রায় বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বলেন, ‘আপা আসবেন, আমরা অপেক্ষায় আছি।’

বিএনপির এই নেতা আরও বলেন, সোহেল মোল্লাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, "রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে, আর তারা চেয়ে চেয়ে দেখবেন, এমনটা হতে পারে না।"

আওয়ামী লীগের কর্মসূচি পালনের স্থান নিয়ে হাবিব উন নবী খান সোহেল মন্তব্য করেন। তিনি বলেন, "আওয়ামী লীগের কর্মসূচি যে দেশে রয়েছে, সে দেশেই পালন করতে হবে; অন্য কোথাও নয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুরে হামলার পর মামলা করতে পারছেন না ডাকসুর মুসাদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


মুকসুদপুরে হামলার পর মামলা করতে পারছেন না ডাকসুর মুসাদ্দিক

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার পরও কেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ মামলা করতে পারছেন না, সে বিষয়ে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত।

মামলা না করার পেছনে দুইটি প্রধান কারণ উল্লেখ করেছেন ডাকসুর এই নেতা। প্রথমত, স্থানীয় থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছে, ফলে সেখানে পুলিশের কোনো কার্যক্রম নেই। দ্বিতীয়ত, বর্তমান সরকারের প্রতি তার আস্থা নেই।

ফেসবুক পোস্টে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, "প্রথমত হচ্ছে আমাদের বাড়িতে—এখানে তো উপজেলা যে থানা, যেখানে আমরা আইনি পদক্ষেপ পুলিশের কাছে চাইব—থানাটাই পুড়িয়ে দিয়েছে এবং পুলিশ কোনো কাজ করতে পারছে না।" তিনি আরও বলেন, "পুরো এরিয়ায় যত পরিমাণ পুলিশ আছে, বিজিবি ফোর্স ছিল, সেনাবাহিনী ছিল—তারা যদি একসাথে পদক্ষেপ নিত, তাহলে এই জঙ্গিবাদীরা এই আচরণ করতে পারত না।"

দ্বিতীয় কারণ হিসেবে সরকারের প্রতি অনাস্থার কথা জানিয়ে তিনি বলেন, "দ্বিতীয়ত হচ্ছে, এই সরকারের প্রতি আমাদের কোনো ভরসা নেই। সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই, আমাদেরও কোনো আস্থা নেই। কারণ সরকার এখন পর্যন্ত কোনো জনবান্ধব পদক্ষেপ নিতে পারেনি। আর এই পদক্ষেপ নিতে না পারার কারণেই সারা দেশে এসব অরাজকতা ঘটছে।"

পূর্ববর্তী একটি ঘটনার উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, "আমাদের ওপর যখন শাহবাগ থানায় অন-ক্যামেরা সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছিল, সেটার বিচার আজ পর্যন্ত হয়নি। আমরা অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম, কিন্তু কোনো মামলা নেওয়া হয়নি, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।"

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, "এটি স্পষ্টতই যে, এই সরকার জনগণের পক্ষে নয়; বরং অপরাধীদের পক্ষে। যে সরকার অপরাধীদের পক্ষে, সেই সরকারের কাছে আসলে আইনি আশ্রয় চাওয়ার মতো আস্থা এখনো পাচ্ছি না।"

ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডাকসুর সাহিত্য সম্পাদক বলেন, "যেদিন এই সরকার জনবান্ধব আচরণ করবে, তখনই সরকারের মাধ্যমে আমরা এই আইনি পদক্ষেপ নেব। আর যদি কোনোদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আমরা এই ঘটনার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%