প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলি, তেলবাহী ট্যাংকার এবং ড্রোনগুলোর ওপর হামলা বৃদ্ধি করেছে ইরান। গত সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি ও তার আশপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। একই সময়ে, ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এসব হামলার কারণে উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এমন পরিস্থিতিতে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে তার দেশ একটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ সম্মুখীন হয়েছে। অন্যদিকে, ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
প্রশ্ন উঠছে, ইরান কেন নতুন করে হামলা বৃদ্ধি করছে? তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কি আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হতে পারে, নাকি এই পরিস্থিতি দুই পক্ষকে যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে বাধ্য করবে? চলমান সংঘাত ইতিমধ্যে বিশ্বজুড়ে জ্বালানিসংকট তৈরি করেছে।
কোথায় কোথায় হামলা হয়েছে
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের হামলার সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয়েছে বাহরাইন। গত শনিবার, দেশটির রাজধানী মানামা জানিয়েছে, ইরানের একটি হামলায় বেসামরিক শিল্পকারখানায় আগুন ধরে যায়। একই দিনে, আরো কয়েকটি হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ধ্বংস করার দাবি করেছে তারা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র মানামার কাছে সিত্রা দ্বীপে আছড়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত ঘটে।
আইআরজিসি বলেছে, ইরানের হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোনসহ বিভিন্ন আকাশযান দেশটির আকাশসীমা লঙ্ঘন করছে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় তারা হামলা চালাচ্ছে।
কয়েক সপ্তাহ ধরে লড়াইয়ে কিছুটা বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
ইরানের সেনাবাহিনী গত শনিবার দাবি করে, আগের দিন সন্ধ্যায় উপসাগরীয় অঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত আছে।
রোববার, হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের আরো একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের বাহিনী। আইআরজিসির ভাষ্য, যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভূপাতিত করা হয়েছে চারটি।
এদিকে, ওমানের কাছাকাছি হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ।
আলজাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সারদার জানিয়েছেন, গত এক সপ্তাহে ট্যাংকারে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৪ নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ২৫টি হামলার ঘটনা ঘটেছে।
এর আগে, গত সপ্তাহে ইরানের সেনাবাহিনী কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছিল। হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ওই অভিযান চালানো হয়। দ্বীপটি এখনো কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
হরমুজ প্রণালিতে তেল সরবরাহে প্রভাব
ইরানের প্রায় প্রতিদিনের হামলার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থার (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা ১৫ শতাংশ কম। এর আগের সপ্তাহের তুলনায় কমেছে ২০ শতাংশ।
ইউকেএমটিও গত শুক্রবার জানায়, ওই সময়ে চলাচল করা জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার ছিল ৩৭টি। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৫২। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ, ছায়া নৌবহরের আওতায় চলাচল করা জাহাজগুলোর সব তথ্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত থাকে না।
যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। কিন্তু ইরানের নৌ অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের খরচও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক সংস্থা সতর্ক করে বলেছে, ইরানের অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে জাহাজের জন্য বিমা প্রিমিয়াম বেড়ে যাচ্ছে। যুদ্ধের আগে জাহাজের বিমা প্রিমিয়ামের হার ছিল ০ দশমিক ১০ থেকে ০ দশমিক ২৫ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৩ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরে তা কমে ৮৩ ডলারে নেমে আসে। তবে যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় এখনো তা ১৫ ডলারের বেশি।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত বৃহস্পতিবার জানিয়েছে, সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮০ কোটি ব্যারেল তেল এবং ৬ হাজার কোটি ঘনমিটার গ্যাস।
তবে সংস্থাটি বলেছে, এই সংঘাতের কারণে ২০৩৫ সাল নাগাদ বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমে যেতে পারে। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার বিদ্যুতায়ন, জ্বালানির দক্ষ ব্যবহার এবং বিকল্প জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করলে এই পরিবর্তন ঘটতে পারে।
কেন হামলা বাড়াচ্ছে ইরান
ইরানের হামলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্রের কাছে আত্মসমর্পণ অথবা কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলার মাধ্যমে চলমান সংঘাতে নিজেদের কৌশলগত সুবিধা কাজে লাগাতে চাইছে তেহরান। তাদের বার্তা হলো, যুদ্ধ বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেরও ইরানের হামলার চাপ সহ্য করতে হবে।
বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির জননীতি বিভাগের ফেলো রামি খুরি আলজাজিরাকে বলেন, এসব হামলার লক্ষ্য শুধু ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া নয়। এর মাধ্যমে পুরো উপসাগরীয় অঞ্চলকে যুদ্ধের ক্ষতির মুখে ঠেলে দিতে চায় ইরান। জাহাজ চলাচলের খরচ বাড়ানো এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থায় চাপ সৃষ্টির মাধ্যমে পরোক্ষভাবে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব ফেলতে চায় দেশটি।
খুরির মতে, ইরানের এই কৌশলের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের ক্ষতি যেন শুধু ইরানকেই একা বহন করতে না হয়, তা নিশ্চিত করা।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক স্থাপনা এবং আরব মিত্রদের স্থাপনা সুরক্ষায় কতটা অক্ষম, তা তুলে ধরতে চাইছে তেহরান। এর ফলে আরব দেশগুলোর সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যুদ্ধ বন্ধের চাপ সৃষ্টি করতে পারে বলে আশা করছে ইরান। খুরি ওয়াশিংটনের আরব সেন্টারেরও অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো।
এদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক অবরোধকে যুদ্ধেরই একটি রূপ বলে মনে করে তেহরান।
তিনি বলেন, ‘আমরা অর্থনৈতিক অবরোধকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করি। এই অবরোধ ভাঙতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’
যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ, স্থলপথে বাণিজ্য বিঘ্নিত হওয়া এবং গত আগস্টে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় আরোপ করা নতুন নিষেধাজ্ঞাগুলো ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, অর্থনৈতিক অবরোধের কারণে ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে।
তবে ইরানের কর্তৃপক্ষ বলছে, তারা এই অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে সক্ষম। সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলাকে ওয়াশিংটনের চাপের বিরুদ্ধে তেহরানের পাল্টা অবস্থান হিসেবে দেখা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের অর্থনীতি এবং সাধারণ মানুষ যে ভোগান্তির মধ্যে পড়েছেন, তারও নানা লক্ষণ দেখা যাচ্ছে।
আবার কি সামরিক সংঘাতের দিকে যাচ্ছে দুই দেশ?
বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হতে পারে।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি মনে করেন, ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতায় না গিয়ে যুদ্ধ থেকে সরে আসার ঘোষণা দিয়ে বিজয় দাবি করতে পারেন। তবে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখলে সামরিক উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি রয়েছে।
আলজাজিরাকে পারসি বলেন, ওয়াশিংটনে যুদ্ধের ব্যর্থতা হিসেবে দেখা হতে পারে—এমন কোনো চুক্তি মেনে নিতে ট্রাম্পের আগ্রহ কম।
তিনি সতর্ক করে বলেন, ‘তিনি যদি অবরোধ অব্যাহত রাখেন, তাহলে উত্তেজনা বাড়বে।’
তার মতে, অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান পাল্টা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে না।
পারসি বলেন, নতুন করে সামরিক সংঘাত এড়াতে চাইলে ট্রাম্পকে ধীরে ধীরে, এমনকি এমনভাবে অবরোধ শিথিল করতে হবে, যাতে বিষয়টি সহজে চোখে না পড়ে। একই সঙ্গে কিছু নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। তাহলেই নতুন করে লড়াই শুরু না করে এই সংঘাত থেকে বেরিয়ে আসা সম্ভব হতে পারে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান মনে করেন, ট্রাম্পকে কার্যত দুটি বিকল্পের মধ্যে বেছে নিতে বাধ্য করছে ইরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তেলবাহী ট্যাংকারগুলোকে চলাচল করতে দেয়, তাহলে কোনো চুক্তি বা যুদ্ধ ছাড়াই মার্কিন অবরোধের অবসান ঘটবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র যদি জাহাজগুলোতে হামলা চালায়, তাহলে ইরান পাল্টা জবাব দিতে পারে। সে ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে পরিস্থিতি এড়িয়ে যাওয়া কঠিন হবে।
এদিকে, গত শনিবার ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তির পরিকল্পনা রয়েছে তার। এই চুক্তির লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে তিনি কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না। তবে দেশটির নতুন নেতৃত্বকে তিনি আগের তুলনায় ‘আরো যুক্তিবাদী’ বলে মনে করেন।
চলমান সংঘাতের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য এবং ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, তা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতা না হলে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্ব জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন