ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাপলা চত্বরে গণহত্যা মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির


শাপলা চত্বরে গণহত্যা মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার সকালে, কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে ১০ জন আসামিকে হাজির করা হয়। তবে মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ১২টা ১ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন নির্ধারিত রয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বাঁশবাগান থেকে পুলিশ উদ্ধার করলো দেশি শ্যুটারগান

ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিদের মধ্যে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজন ভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্যান্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখে গাম্ভীর্য দেখা যায়। তবে শামসুল হক টুকুর মুখে ছিল স্বাভাবিক হাসি।

গত ১২ নভেম্বর, মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

আরও পড়ুন: নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

এ মামলায় দুটি অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুগলি জেলে কাজী নজরুলের ৩৯ দিনের অনশন: ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসহীন লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


হুগলি জেলে কাজী নজরুলের ৩৯ দিনের অনশন: ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসহীন লড়াই

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি নড়বড়ে করে দেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী জীবনের একটি স্মরণীয় ও মহাকাব্যিক অধ্যায় হলো ১৯২৩ সালে হুগলি জেলে তাঁর ঐতিহাসিক ৩৯ দিনের অনশন ধর্মঘট।

ব্রিটিশ জেল কর্তৃপক্ষের অমানবিক নির্যাতন, বৈষম্য এবং অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নজরুল সেদিন নিজের জীবন বাজি রেখে যে আমরণ অনশন শুরু করেছিলেন, তা সমগ্র ভারতবর্ষে অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল।

নজরুল বর্ষের (২০২৬-২০২৭) বিশেষ আয়োজনে হুগলি জেলের সেই অগ্নিঝরা দিনগুলো, ‘শিকল পরা ছল’ গান রচনা, জেল সুপার আর্সটনের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক টেলিগ্রামের নেপথ্য ইতিহাস নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

১৯২২ সালে অর্ধসাপ্তাহিক ‘ধূমকেতু’ পত্রিকার পূজা সংখ্যায় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশের অপরাধে ব্রিটিশ সরকার নজরুলের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা দায়ের করে। ওই বছরের ২৩ নভেম্বর কুমিল্লা থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

১৯২৩ সালের ১৬ জানুয়ারি কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে নজরুল তাঁর বিখ্যাত ‘রাজবন্দীর জবানবন্দী’ পাঠ করেন এবং বিচারক তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রথমে তাঁকে আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়। আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় ১৯২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সদ্য রচিত ‘বসন্ত’ গীতিনাট্যটি কারাবন্দী নজরুলকে উৎসর্গ করেন এবং পবিত্র গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে বইটির একটি কপি জেলে পাঠিয়ে দেন। রবীন্দ্রনাথের এই বিরল সম্মাননা কারাবন্দি নজরুলের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।

পরবর্তীতে ১৯২৩ সালের ১৪ এপ্রিল নজরুলকে হুগলি জেলে স্থানান্তর করা হয়। হুগলি জেলে স্থানান্তরের পর থেকেই কবি ও অন্যান্য রাজনৈতিক বন্দিদের ওপর জেল সুপার আর্সটনের নেতৃত্বে চরম নির্যাতন ও অপমান শুরু হয়।

রাজনৈতিক বন্দিদের সাধারণ চোর-ডাকাত বা দাগি আসামিদের মতো আচরণ করা হতো, নিম্নমানের অখাদ্য খাবার দেওয়া হতো এবং তাদের ন্যূনতম মানবিক মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি বন্দিদের পায়ে ডাণ্ডাবেড়ি ও হাতে হাতকড়া পরিয়ে নির্জন সেলে আটকে রাখা হতো।

জেল কর্তৃপক্ষের এই বর্বরতার প্রতিবাদে এবং রাজবন্দীদের ন্যায্য মর্যাদার দাবিতে কাজী নজরুল ইসলাম ১৯২৩ সালের ১৪ এপ্রিল থেকেই হুগলি জেলে আমরণ অনশন শুরু করেন।

কবির এই অনশনে আরও বেশ কয়েকজন রাজনৈতিক বন্দি, যাঁদের মধ্যে নলিনীকান্ত গুপ্ত ও ভূপেন্দ্রনাথ দত্তের অনুসারী বিপ্লবীরা ছিলেন, একাত্মতা ঘোষণা করে অনশনে যোগ দেন।

অনশন শুরু করার পরপরই জেল সুপার আর্সটন ও কারারক্ষীরা কবির ওপর নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। জোর করে নাক ও মুখ দিয়ে রাবারের নল ঢুকিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করা হলে কবি প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এবং তা প্রত্যাখ্যান করেন।

দিনের পর দিন অনাহারে থাকার ফলে কবির স্বাস্থ্য দ্রুত ভেঙে পড়তে থাকে এবং তাঁর ওজন আশঙ্কাজনকভাবে কমে যায়। কিন্তু শারীরিক যন্ত্রণা সত্ত্বেও নজরুলের মনোবল ছিল অটুট। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে শিকল পরা অবস্থায় বসেই তিনি রচনা করেছিলেন তাঁর কালজয়ী গান ‘এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল’।

শুধু তাই নয়, অত্যাচারী জেল সুপার আর্সটনকে ব্যঙ্গ করে নজরুল কারাগারে বসেই রবীন্দ্রসংগীতের ‘তোমারি গেহে পালিছ স্নেহে’ গানের সুরে 'তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে' গানটি রচনা করেন। জেল সুপার পরিদর্শনে এলেই নজরুল ও অন্যান্য রাজবন্দিরা সমস্বরে এই ব্যঙ্গাত্মক গান গেয়ে তাকে ‘অভিনন্দন’ জানাতেন, যা শুনে বন্দিরা হাসিতে ফেটে পড়তেন এবং জেল কর্তৃপক্ষ চরম অপমানিত বোধ করত।

নজরুলের অনশনের খবর বাইরে ছড়িয়ে পড়লে সমগ্র বাংলায় তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। বঙ্গীয় আইনসভায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুসহ শীর্ষ নেতারা কবির জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে অবস্থানকালে নজরুলের অনশনের খবর পেয়ে গভীরভাবে বিচলিত হন। তিনি হুগলি জেলের ঠিকানায় নজরুলকে উদ্দেশ্য করে একটি ঐতিহাসিক টেলিগ্রাম পাঠান, যাতে লেখা ছিল, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। অর্থাৎ, অনশন ভঙ্গ করো, আমাদের সাহিত্যের তোমাকে দরকার।

কিন্তু জেল কর্তৃপক্ষ নজরুলের কাছে রবীন্দ্রনাথের সেই টেলিগ্রাম পৌঁছে না দিয়ে ‘অ্যাড্রেসি নট ফাউন্ড’ বা প্রাপককে পাওয়া যায়নি লিখে ফেরত পাঠিয়ে দেয়। ব্রিটিশ সরকারের এই হীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ।

নজরুলের অনশনে সমর্থন জানিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলে ছুটে যান নজরুলকে অনশন ভাঙানোর অনুরোধ করতে। নজরুলের মা জাহেদা খাতুনও হুগলি জেলে গিয়েছিলেন নজরুলের সঙ্গে দেখা করতে। কিন্তু জেল কর্তৃপক্ষ তাদের কবির সাথে দেখা করতে না দিয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য করে।

অবশেষে অনশনের ৩৯তম দিনে, অর্থাৎ ১৯২৩ সালের ২২ মে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে কলকাতার কলেজ স্কয়ারে এক বিশাল সর্বদলীয় জনসভা অনুষ্ঠিত হয়। সভায় কবির জীবন রক্ষার আহ্বান জানানো হয় এবং ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জেল সংস্কার ও রাজবন্দীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এরপর কুমিল্লা থেকে ছুটে আসা বিরজাসুন্দরী দেবীর (যাঁকে নজরুল ‘মা’ বলে ডাকতেন) অনুরোধে তাঁর হাত থেকে লেবুর রস পান করে ৩৯ দিনের মাথায় নজরুল তাঁর ঐতিহাসিক অনশন ভঙ্গ করেন। এরই মধ্যে প্রবল জ্বর ও অনাহারে নজরুলের ওজন ১৩ কেজি কমে গিয়েছিল।

অনশন ভঙ্গের পর জেল সুপার আর্সটনের অত্যাচারের প্রমাণ আড়াল করতে এবং হুগলি জেলের উত্তেজনা প্রশমিত করতে ব্রিটিশ সরকার ১৯২৩ সালের ১৮ জুন নজরুলকে হুগলি জেল থেকে বহরমপুর জেলে স্থানান্তর করে।

এক বছরের কারাদণ্ডের মেয়াদ (কিছু সাধারণ রেয়াত বা মওকুফসহ) শেষে ১৯২৩ সালের ১৫ ডিসেম্বর তিনি বহরমপুর জেল থেকে মুক্তি লাভ করেন।

ইতিহাসবিদদের মতে, হুগলি জেলে কাজী নজরুল ইসলামের ৩৯ দিনের এই অনশন কেবল কারাগারের ভেতরের কোনো প্রতিবাদ ছিল না, এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাঙালির আত্মমর্যাদা ও স্বাধীনতার লড়াইয়ের এক উজ্জ্বল মাইলফলক।

নজরুল বর্ষের (২০২৬-২০২৭) এই মাহেন্দ্রক্ষণে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কবির সেই আপসহীন সংগ্রাম আজও প্রতিটি মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা জোগায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সতর্কতা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সতর্কতা বৃদ্ধি

দিনাজপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যদি কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, তবে তাকে গ্রেফতার করা হবে। বিজিবি নিশ্চিত করেছে যে, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি, সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, রাতের বেলায় নজরদারি কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করার জন্য থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে দ্রুত সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিতলমারীতে চিংড়ি ঘেরের পাড়ে আগাম টমেটো চাষ, ফলন ভালো দাম বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


চিতলমারীতে চিংড়ি ঘেরের পাড়ে আগাম টমেটো চাষ, ফলন ভালো দাম বেশি

বাগেরহাটের চিতলমারীতে টমেটোর দাম ভালো হওয়ায় কৃষকেরা আগাম চাষে ঝুঁকছেন। উৎপাদিত টমেটো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

উপজেলার শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা ও সন্তোষপুর ইউনিয়নের কয়েক হাজার কৃষক এই চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে চিংড়ি ঘেরের পাড়ে উচ্চফলনশীল জাতের টমেটোর আবাদ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে কৃষক-কৃষানিরা খেতের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেকেই আগাম টমেটো বাজারে তুলতে শুরু করেছেন। দাম ভালো হওয়ায় টমেটো চাষে তাদের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার দুর্গাপুর গ্রামের সুব্রত মণ্ডল জানান, তিন বিঘা চিংড়ি ঘেরের পাড়ে টমেটো চাষ করেছেন। ইতিমধ্যে প্রতি মণ টমেটো ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি শুরু করেছেন। ঢাকাসহ সারা দেশে চাহিদা থাকায় তিনি ভালো মুনাফার আশা করছেন।

কুরমনি গ্রামের চাষি অবনী কুমার বালা জানান, তিনি আড়াই বিঘা জমিতে টমেটো চাষ করে ভালো ফলন পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বড় লাভের আশা করছেন তিনি।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত-আল-মারুফ জানান, ভালো দাম পাওয়ায় কৃষকেরা আগাম টমেটো চাষে বেশি আগ্রহী হচ্ছেন। এ বছর উপজেলায় গত বছরের চেয়ে ২১ হেক্টর বেশি অর্থাৎ মোট ৮৮০ হেক্টর জমিতে বিউটিফুল-২, রিগেল, হাইটম ও বিপুলপ্লাসসহ প্রায় ৩০ জাতের টমেটো চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা ভালো লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ নভেম্বর ঢাকায় কনসার্টে আসছেন পপতারকা ওটিলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


২৭ নভেম্বর ঢাকায় কনসার্টে আসছেন পপতারকা ওটিলিয়া

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া আবারও ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি শেষে চলতি মাসে ঢাকার মঞ্চে গান পরিবেশন করবেন ‘বিলিওনেরা’খ্যাত এই শিল্পী। কনসার্টটির নাম ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ এবং এটি আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ।

আয়োজক প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে কনসার্টের তারিখ নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ঢাকায় উপস্থিত থাকবেন এই তারকা। একই সঙ্গে জানানো হয়েছে, খুব শীঘ্রই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

আয়োজনের কর্ণধার নাঈম আশরাফ কালের কণ্ঠকে জানিয়েছেন, ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুষ্ঠানের অনুমতি প্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই অনুমতি পাওয়া যাবে। এরপরই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে।

গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টের প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন। এর ফলে বাংলাদেশে তার ভক্তদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে ফিরে আসছেন এই পপতারকা।

‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন ওটিলিয়া। গানটি প্রকাশের পর দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এখনও গানটির জনপ্রিয়তা অটুট রয়েছে। তাই দীর্ঘ বিরতির পর তার ঢাকা সফরের জন্য সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।

ইমেকার্স বাংলাদেশের আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আলোচিত আয়োজন করেছে।

সেই ধারাবাহিকতায় এবার ঢাকার মঞ্চে ওটিলিয়াকে হাজির করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আয়োজকদের প্রত্যাশা, জনপ্রিয় এই শিল্পীর পরিবেশনা এবং ‘বিলিওনেরা’ গানের উন্মাদনা মিলিয়ে কনসার্টটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%