১০:৩৪ এম
ভারতের বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে অত্যন্ত গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি ওই পাকিস্তানি এজেন্টের কাছ থেকে নগ্ন ছবি গ্রহণ করতেন। এমনকি, একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের গোপন পরিকল্পনার একটি পৃষ্ঠা সরবরাহের প্রস্তাবও দিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা।
দিল্লি পুলিশের অভিযোগপত্রে এসব তথ্য প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাঠিয়েছেন। পুলিশ জানায়, এসব তথ্য ফাঁস দেশের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় অভিযুক্ত ওই উইং কমান্ডার গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত কর্মকর্তার। এই সময়ের মধ্যে তিনি একাধিকবার গোপন সামরিক তথ্য সরবরাহ করেন। ১ এপ্রিল, যখন তিনি নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশ করছিলেন, তখন তাকে আটক ও তল্লাশি করা হয়।
আরও পড়ুন: হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি এজেন্ট ওই কর্মকর্তাকে একটি নগ্ন ছবি পাঠান। এর জবাবে, তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান। তাদের মধ্যে এমন একটি সমঝোতার প্রস্তাবও হয়েছিল যে, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথি থেকে একটি পৃষ্ঠা সরবরাহ করবেন অভিযুক্ত কর্মকর্তা।
যেসব গোপন তথ্য ফাঁস
পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতির তথ্যও সরবরাহ করেছেন। তিনি ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়ন সক্ষমতা, কতক্ষণ আকাশে থাকতে পারে এবং অস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারণব্যবস্থার সম্পর্কেও তথ্য দিয়েছেন।
যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে তথ্যও পাকিস্তানি এজেন্টকে জানানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া, লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার বিবরণও ফাঁস করেছেন তিনি। যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনা এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থানও তার পাঠানো তথ্যের মধ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
এই ঘটনায় আরও গুরুতর তথ্য সামনে এনেছে দিল্লি পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, পাকিস্তানি এজেন্ট অভিযুক্ত কর্মকর্তাকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপ এবং লিংক পাঠিয়েছিলেন। এসব প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সংরক্ষিত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ ছিল।
পুলিশের দাবি, অভিযুক্ত উইং কমান্ডার নিজের অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ এবং ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এমনটি করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।
অর্থাৎ, শুধু নিজেই গোপন তথ্য পাচার নয়, অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইস ব্যবহার করেও সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন তিনি বলে অভিযোগ পুলিশের।
অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি এজেন্টের মধ্যে যোগাযোগের ডিজিটাল তথ্যপ্রমাণও জমা দিয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে তাদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: নিউ অরলিন্সে নদীতে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, ৩২ জন হাসপাতালে
এসব ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কতটা গোপন তথ্য পাচার করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন