০৭:৪১ পি.এম
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার প্যানেল ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান।
বিদ্যুৎমন্ত্রী বিশ্বজুড়ে জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আজকে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকটের মধ্যেও আমরা দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদেশ থেকে বেশি দাম দিয়ে গ্যাস কিনছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন গ্যাসের দাম ছিল ১২ ডলার, আর এখন সেই গ্যাসের দাম বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে। আমরা এই কয় মাসে ভর্তুকি দিয়েছি ৪৭ হাজার কোটি টাকা।’
আরও পড়ুন: গভর্নরের নির্দেশে উদ্যোক্তাদের সুবিধা দ্রুত পৌঁছানোর নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে
তিনি আরও বলেন, ‘এভাবে যদি আমরা ভর্তুকি দিতে থাকি, তবে সামাজিক প্রকল্পগুলো—যেমন রাস্তাঘাটের কাজ করা, ফ্যামিলি কার্ড দেওয়া, স্কুল ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা—এসবের খরচ চালানো কঠিন হয়ে পড়বে। আপনারা যদি সহযোগিতা না করেন, তবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।’
মন্ত্রী সৌরবিদ্যুতের সুবিধা এবং জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হিসেবে এর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা একটা সহজ পদ্ধতি পেয়েছি—আল্লাহর দেওয়া সূর্য। এই সূর্যের আলো থেকেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমি আপনাদের সহযোগিতা চাই, ঘরে ঘরে সোলার বসান। তাহলে বিদ্যুতের বিলও দেওয়া লাগবে না, প্রিপেইড মিটারের জন্য ঘুরতেও হবে না, কাউকে কিছু বলাও লাগবে না। আপনার বিদ্যুৎ আপনার পছন্দমতো আপনি ব্যবহার করতে পারবেন।’
নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে উৎসাহ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান প্রমুখ।
আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন