প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপান পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং গাজার বন্যা ও শীতের কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি টোকিওর সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
সোমবার, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব উদ্বেগের কথা জানান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মোতেগি বলেন, "পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং বন্যা ও তীব্র শীতের কারণে গাজার মানবিক পরিস্থিতির আরো অবনতি হওয়ায় জাপান গভীরভাবে উদ্বিগ্ন।" তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় টোকিওর অবিচল সমর্থন রয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি পূর্ব এশীয় সহযোগিতা সম্মেলন (সিইএপিএডি) এবং জেরিকো কৃষি-শিল্প পার্কের মতো উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
গাজার পুনর্গঠনে জাপান সক্রিয় ভূমিকা রাখবে বলেও মোতেগি জানান। এ ক্ষেত্রে গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলেন তিনি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তীব্র আর্থিক সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন মোতেগি। তিনি পশ্চিম তীর ও গাজার জন্য সম্প্রতি অনুমোদিত মানবিক সহায়তার বিষয় উল্লেখ করেন। এই সহায়তার আওতায় জরুরি স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক ও ভূমি উন্নয়নের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী গাজা ও পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি এবং জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জাপানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গাজার পুনর্গঠনে টোকিওর উদ্যোগের প্রশংসা করেন।
ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় জাপান
ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘটনায় মোতেগি গভীর হতাশা প্রকাশ করেন। তিনি দ্রুত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, এসব সংস্কার এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা তুলে ধরতে হবে।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী নির্বাচন স্থগিতের কারণ, ভোট আয়োজনের প্রস্তুতি এবং প্রশাসনিক সংস্কারের অগ্রগতি সম্পর্কে জাপানকে অবহিত করেন।
আলোচনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে এবং যত দ্রুত সম্ভব জাপান-ফিলিস্তিন উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ আয়োজনের বিষয়ে দুই নেতা একমত হন।
সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট মনিটর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন