০৬:২২ পি.এম
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রসঙ্গে আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা বলা হয়েছে।
বুধবার, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রণীত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুসারে, ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে।
আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক
নির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন ১০ আগস্টে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এরপর, প্রাপ্ত আবেদনগুলি যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে।
চিঠিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের নিশ্চয়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে, স্থায়ী ভবনের ভেতর ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া, চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশনা রয়েছে। তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে তালিকার হার্ড কপি ও সফট কপিও জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন