প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ মোহাম্মদ শাহাদাত হোসেন ॥
ফেনী, ১৭ নভেম্বর, ২০২৬ : ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট, যা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির সাথে জড়িত, বর্তমানে বিভিন্ন সংকটে ভুগছে। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের প্রায় তিন-চতুর্থাংশ পদ শূন্য অবস্থায় রয়েছে।
এছাড়া, প্রায় ৬ বছর আগে ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং কোর্সটি বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মাত্র ২টি কোর্স চালু রয়েছে।
সূত্র জানায়, ২০০১ সালে ফেনী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বেগম খালেদা জিয়ার উদ্যোগে ফেনী শহরতলীর রাণীরহাট সংলগ্ন স্থানে দেশের একমাত্র সরকারি কম্পিউটার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।
২০০৩ সালের ৬ অক্টোবর থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়, যা প্রায় ২ একর জায়গায় বিস্তৃত। ২০০৬ সালের ৭ জুন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের উদ্বোধন করেন। একই দিনে তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজও উদ্বোধন করেন।
এর আগে, ২০০৫ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটি সরকারি স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ৩টি কোর্স (ডিটিএনটি, সিএসটি ও টিটিসি) চালু হয়।
ইনস্টিটিউটের অফিস সূত্রে জানা যায়, এখানে ৩২৬৬ জন শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স এবং ১৭৫০ জন শিক্ষার্থী শর্ট কোর্স সম্পন্ন করেছেন। তাদের মধ্যে অন্তত ৪৫০ জন সরকারি চাকরিতে এবং ৩৫০০ জন ব্যাংকসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অন্তত ২১৮ জন করপোরেট উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
এদিকে, ২০২১ সালের দিকে ‘ডিটিএনটি’ (ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং) কোর্সটি বন্ধ হয়ে যায়। বর্তমানে সিএএসটি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি) ও টিসিটি (টেলি-কমিউনিকেশন টেকনোলজি) কোর্সে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।
শিক্ষক-কর্মচারী সংকটের কারণে এই ২টি কোর্সও জোড়াতালি দিয়ে পরিচালনা করা হচ্ছে। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বাসসকে জানান, শিক্ষক-কর্মকর্তার ৬৩ পদের মধ্যে মাত্র ১৭ জন কর্মরত আছেন। ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৯৯ পদের মধ্যে মাত্র ২৬ জন কর্মরত রয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।
এছাড়া, প্রতিষ্ঠানের মাঠের অভাবে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠের জন্য প্রায় এক একর জায়গা রয়েছে, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে মাটি ভরাটসহ আনুষাঙ্গিক বরাদ্দ না পাওয়ায় মাঠটি প্রস্তুত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, অডিটোরিয়ামের অভাবে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কার্যক্রম ও আচার অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করতে হয়।
প্রতিষ্ঠানের জন্য ৬ তলা একটি একাডেমিক ভবনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এখানে ‘ডিটিএনটি’ কোর্স পুনরায় চালু করার পাশাপাশি রোবটিক্স অ্যান্ড আর্টিফেসিয়াল ইন্টিলিজেন্স, সাইবার সিকিউরিটি, মেকাট্রনিক্স, ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বাসসকে জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার নিজ জেলা হওয়ায় বর্তমান সরকারের আমলে ফেনী সকল ক্ষেত্রে উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সকল সমস্যা সমাধানে বর্তমান প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কার্যকরী পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বাসসকে বলেন, প্রতিষ্ঠার ২০ বছর পরেও এই ধরনের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মাঠ ও অডিটোরিয়াম না থাকা অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সরকারের আমলে এই প্রতিষ্ঠানটি সব দিক থেকে বঞ্চিত হয়েছে। আমরা খুব শিগগিরই এসব সমস্যা সমাধানে এবং এই প্রতিষ্ঠানকে জাতীয়ভাবে উন্নীত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন