০৪:৪২ পি.এম
রাজধানী ঢাকা শহরে চলমান টানা ভারী বৃষ্টির ফলে গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পানির অত্যাধিক চাপ ও দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে ওই সড়কে যান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, তাড়াতাড়ি সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সোমবার (১৩ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, যেখানটিতে ধসের ঘটনা ঘটেছে, সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে যানবাহন ধীরগতিতে চলছে। এর ফলে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া স্থান পরিদর্শন করে দ্রুত সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া, জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের এবং ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: উত্তরা রাজউক কলেজের সামনের সড়ক-ফুটপাত হকারদের দখলে, চরম হুমকির মুখে পথচারীরা
গুলশান-শাহজাদপুর লিংক রোডের এই এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ব্যাপক জনদুর্ভোগ দেখা দিয়েছে। অনেক সড়কে হাঁটু সমান পানি জমে থাকায় যানবাহনের গতি কমে গেছে, এবং দীর্ঘ সময় ধরে জনগণকে যানজটে আটকে থাকতে হচ্ছে।
এদিকে, দেশের অন্যান্য অঞ্চলে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আমবাগান এলাকায় সর্বাধিক ১৭৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
রাজধানী ঢাকাতেও সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় মোট ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারপর, সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজকের পর থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দোলনচাঁপা হলে আগুন, প্রভোস্ট বললেন ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না’
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পুরো জুলাই মাসজুড়ে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যদিও বিভিন্ন সময় ও স্থানে এর পরিমাণ ও তীব্রতায় তারতম্য থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন