০৫:২১ পি.এম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ট্রাস্টের নতুন কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর সঙ্গে কমিটিতে একজন প্রতিমন্ত্রী, চারজন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটি ট্রাস্টের আইন এবং বিধিমালা বাস্তবায়নের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাবে। এই কমিটি ট্রাস্টের সার্বিক কার্যক্রমের তদারকি, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষা এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ
পুনর্গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এছাড়া, পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করবেন।
সরকারের আশা, এই নতুন নির্বাহী কমিটির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়ন কার্যক্রম এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কর্মকাণ্ড আরও কার্যকর এবং গতিশীলভাবে চলবে।
আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন