০৪:৪৬ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং ব্যক্তিস্বার্থের জন্য কালভার্ট নির্মাণ জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। তিনি আরও জানান, দখলদার যে দলেরই হোক, কিংবা যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কর্তৃক সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেন। এরপর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় সারা দেশে ২৬ হাজার কিলোমিটার খাল খননের একটি মেগা উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এছাড়াও, খালের দুই পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন