ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে ৫৭ জন আহত


দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে ৫৭ জন আহত

দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরের বুন্দাং জেলায় একটি বাসের আঘাতে ৫৭ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে, একাধিক যানবাহনকে ধাক্কা দেওয়ার পর বাসটি সড়কের মাঝের ডিভাইডারে আছড়ে পড়ে। এই ঘটনায় ৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন, অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ কয়েকটি যানবাহনসহ মোট ৩২টি যানবাহনে আঘাত করে। এর মধ্যে চারটি বাস, একটি ট্রাক এবং ২৭টি গাড়ি অন্তর্ভুক্ত ছিল।

দুর্ঘটনার খবর পাওয়ার পর, ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকর্মী এবং ৩৩টি যানবাহন পাঠায় দমকল বাহিনী। আহতদের চিকিৎসার জন্য সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়।

আরও পড়ুন: দীপাবলির রাতে ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি, আহত হাসপাতালে

স্থানীয় সম্প্রচারকারী সংস্থা কেবিএস জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসচালকও আহত হন। তাকে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য একটি সম্প্রচার মাধ্যম এসবিএস জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ ক্ষতিগ্রস্ত বাসটির ব্ল্যাক বক্সের ডেটা এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করার পরিকল্পনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের প্রাণনাশের হুমকির পর সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


ইরানের প্রাণনাশের হুমকির পর সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (তারিখ) নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। পত্রিকাটি বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে।

ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা বাড়িয়ে দিয়েছে। গত মাসের শেষের দিকে বার্তা সংস্থা রয়টার্সের কাছে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতে এই বিষয়ে সতর্কতা প্রকাশ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য ইরানের পরিকল্পনা বর্তমানে ‘উন্নত পর্যায়ে’ রয়েছে।

তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্কট বেসেন্টের বিরুদ্ধে হুমকি কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের মাটিতে দেশটির কর্মকর্তা ও সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য স্থানে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যুদ্ধ শুরুর পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এবং লেবাননে ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

এসব হামলায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট কাটিয়ে ভারতের বিপক্ষে ফিরলেন রাচিন-কনওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


চোট কাটিয়ে ভারতের বিপক্ষে ফিরলেন রাচিন-কনওয়ে

চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল রাচিন রবীন্দ্রকে। তবে এবার সাদা পোশাকে ফিরতে প্রস্তুত তিনি। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য নিউজিল্যান্ডের ঘোষিত দলে স্থান পেয়েছেন বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে দলে ফিরে এসেছেন পেসার জ্যাকব ডাফি।

রাচিনের প্রত্যাবর্তনের পাশাপাশি কিউই শিবিরের নজর ডেভন কনওয়ে ও টম ব্ল্যান্ডেলের ফিটনেসের দিকেও রয়েছে। ২৬ বছর বয়সী রাচিন সেপ্টেম্বরে একটি প্রচারণামূলক শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধের হাড় সরে যায়। সেই চোটের কারণে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও চলমান ওয়ানডে সিরিজে তাকে খেলার সুযোগ হয়নি।

অন্যদিকে, ডেভন কনওয়ে অকল্যান্ডে অনুশীলনের সময় ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে কনকাশনে আক্রান্ত হন। পাশাপাশি, উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেলও চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, তিনজনই প্রথম টেস্টে খেলার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছেন। যদি তারা দুই টেস্টেই খেলতে পারেন, তাহলে ব্ল্যান্ডেল তার ৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন।

ইংল্যান্ড সফরে ২-১ ব্যবধানে সিরিজ জেতা দলের বেশিরভাগ সদস্য এবারের স্কোয়াডে রয়েছেন। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন পেসার ডাফি, যিনি পিতৃত্বকালীন ছুটির কারণে ইংল্যান্ড সফরে ছিলেন না। তবে দলে খেলা কেন উইলিয়ামসন নেই, যিনি ইংল্যান্ড সফরের মাঝপথে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন।

বিশ্রাম ও চোটের কারণে বাদ পড়েছেন পেসার উইল ও’রুকি, বেন সিয়ার্স ও জ্যাক ফোকস। অস্ট্রেলিয়া সফরের আগে কাজের চাপ সামলাতে বিশ্রাম দেওয়া হয়েছে ও’রুকিকে। সিয়ার্সের গোড়ালি ও ফোকসের নিতম্বে চোট রয়েছে।

ভারত-নিউজিল্যান্ড সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ের জন্যও গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড রয়েছে। চতুর্থ স্থানে থাকা ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সিরিজের প্রথম টেস্ট আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে, যা ২৭ নভেম্বর শুরু হবে।

নিউজিল্যান্ডের টেস্ট দল:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহান: মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


সোহান: মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে

বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি, কোনো ক্ষমতা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি বলেছেন, "আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে।" বিশেষ করে খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা উপেক্ষা করার সুযোগ নেই।

তিনি বুধবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুক পেজে একটি পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে নুরুল হাসান সোহান উল্লেখ করেন, "একজন বাংলাদেশি হিসেবে, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বিশ্বাস করি, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।"

তিনি আরও বলেন, "আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই, আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।"

সোহান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, "কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।"

পোস্টের শেষাংশে তিনি লেখেন, "আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ।"

নিরাপদ মানুষ, নিরাপদ খুলনা, নিরাপদ বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর ও কুমিল্লায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরকে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


ফরিদপুর ও কুমিল্লায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরকে সতর্কতা

দেশের দুইটি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%