ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকারের যৌথ উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী


গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকারের যৌথ উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, মালিক ও সরকার পক্ষ যৌথভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার এমন একটি মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যেখানে গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, রাষ্ট্র ও জনগণের স্বার্থের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে সাংবাদিকরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের ন্যায্য মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা পাবেন।

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

তিনি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেমন স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য, তেমনি একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

গণমাধ্যমকে কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে না দেখে রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমশিল্প অন্য যেকোনো ক্ষেত্রের চেয়ে ভিন্ন। এটি রাষ্ট্র ও সমাজের একটি অঘোষিত অথচ অনিবার্য চতুর্থ স্তম্ভ। ফলে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তবে এই লক্ষ্য অর্জনের জন্য গণমাধ্যমশিল্পের অর্থনৈতিক ভিত্তিও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, মালিকপক্ষ যদি ন্যায্য ব্যবসায়িক পরিবেশ ও যুক্তিসঙ্গত মুনাফা না পায়, তাহলে গণমাধ্যমশিল্প টেকসই হবে না।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

তথ্যমন্ত্রী আরও বলেন, শক্তিশালী বেসরকারি উৎপাদন অর্থনীতি ছাড়া পণ্য বিজ্ঞাপনের বাজারও সম্প্রসারিত হবে না। একই সঙ্গে বর্তমান সময়ে প্রচলিত গণমাধ্যমের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হওয়ায় মিডিয়া ইকোসিস্টেম আরও জটিল হয়ে উঠেছে।

এই পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতমুখী নীতিমালা প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা দরকার। এর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক অংশীজনের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, সুশাসন ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা না থাকলে কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমকে ব্যবসায়িক স্বার্থ বা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা তৈরি হতে পারে। এ ধরনের প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকারক।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

জুলাইয়ের গণঅভ্যুত্থান ও গত জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ও প্রতিষ্ঠান সংস্কারের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, গণমাধ্যম খাতেও সেই সুযোগ কাজে লাগাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

স্বাগত বক্তব্য দেন টিইসির সদস্যসচিব ও সময় টেলিভিশনের সিইও জুবায়ের বাবু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলা

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদাম ও সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে গত তিন সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রায় ২০টি স্থাপনায় হামলার ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন এলাকায় ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করে প্রায় রাতেই ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে অন্তত ১১ লাখ ৮০ হাজার বর্গমিটার গুদামঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এটি ওয়াইল্ডবেরিজের মোট গুদাম সক্ষমতার এক-পঞ্চমাংশেরও বেশি।

মস্কোর ওয়াইল্ডবেরিজ পণ্য সংগ্রহকেন্দ্র পরিচালনাকারী ভাসিলি ক্লিমভের ব্যবসার চিত্রই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।

তিনি বলেন, হামলার আগে এসব কেন্দ্রে দৈনিক প্রায় ৪০০টি পার্সেল আসত। এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৫০টিতে। আর্থিক সঞ্চয় দিয়ে আর ব্যবসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তাই ক্রেতা না থাকলেও তিনি ব্যবসাটি বিক্রির জন্য তুলে দিয়েছেন। একপর্যায়ে রসিকতা করে তিনি এটি মাত্র ১ রুবেলে বিক্রির প্রস্তাবও দেন।

রাশিয়া ও আশপাশের দেশগুলোতে ওয়াইল্ডবেরিজের প্রায় ৯৮ হাজার পণ্য সংগ্রহকেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানটির হিসাবে, মোট অর্ডারের প্রায় ৯৫ শতাংশ এসব কেন্দ্রের মাধ্যমে গ্রাহকের হাতে পৌঁছায়।

এ ঘটনার পর ইউক্রেন বলছে, সাধারণ রুশ নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব পৌঁছে দেয়া এবং মস্কোর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যয় বাড়ানোই এ ধরনের হামলার অন্যতম উদ্দেশ্য। তবে রাশিয়া ও ওয়াইল্ডবেরিজ দাবি করেছে, প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীকে সরবরাহ করে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সিরিজের ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন পোপ, কার্স ও লরেন্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


পাকিস্তান সিরিজের ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন পোপ, কার্স ও লরেন্স

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওলি পোপ, ব্রাইডন কার্স ও ড্যান লরেন্স।

পোপ গত বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেন। বাজে ফর্মের কারণে গত অ্যাশেজের তৃতীয় টেস্টের পর তিনি দল থেকে বাদ পড়েন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর, সে দেশের হয়ে ৬৪ টেস্টে ৯ শতক এবং ১৬ অর্ধশতকে ৩ হাজার ৭৩২ রান করেছে পোপ।

পোপের মতো, গত অ্যাশেজে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পেস বোলিং অলরাউন্ডার কার্স। কনুই ও কবজির চোটের কারণে অ্যাশেজের পর থেকে তিনি দলের বাইরে ছিলেন। ইনজুরির কারণে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে পড়েন কার্স। তবে গত জুলাইয়ে কাউন্টি টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন তিনি। ২০১৭ সালে টেস্টে পথচলা শুরু করার পর ১৪ ম্যাচে ৫৮ উইকেট ও ৩৫৭ রান করেছেন এই ডান-হাতি পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন লরেন্স। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ৬৫.৬৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮৮ রান করেছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন লরেন্স। ২০২১ সালে টেস্টে অভিষেকের পর ১৪ ম্যাচে ৬৭১ রান ও ৩ উইকেট নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেলকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন জো রুট।

পাকিস্তান সিরিজের দলে নির্বাচনের সময় ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং উপস্থিত ছিলেন। আরও ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিক। আগামী ডিসেম্বরে ফ্লেমিং দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত কোচ হিসেবে থাকবেন ট্রেসকোথিক।

আগামী ১৯ আগস্ট হতে শুরু হবে হেডিংলিতে টেস্ট সিরিজ। এরপর লর্ডসে ২৭ আগস্ট এবং ৯ সেপ্টেম্বর এজবাস্টন হবে দ্বিতীয় ও তৃতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তান সিরিজের জন্য প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল হল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, এবং জশ টাং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামের গোটা একটি মসজিদের মুয়াজ্জিনের করুণ মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত দেহটি মো. ইব্রাহিমের, যিনি মাগুরা সদরের বড়শোলই গ্রামের শুকুর সর্দারের সন্তান। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জেন ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি তাবলিগ জামাতের একজন সদস্য হিসেবে শহরের স্টেডিয়াম গেট আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন। রাতের বেলা বিদ্যুৎ না থাকায় গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে ওঠেন। ঠিক তখনই ছাদের পাশ ঘেঁষে থাকা বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার সঙ্গে থাকা তাবলিগের সাথীরা তাকে দ্রুত উদ্ধার করে মাগুর সদর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে পৌঁছেছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


ইতালিতে পৌঁছেছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার

রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুওনো আনুষ্ঠানিকভাবে ইতালিতে এসে পৌঁছেছেন তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে। ফ্লোরেন্সে এসে পৌঁছে, অত্যন্ত সম্ভাবনাময় এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে স্বাগত জানাতে ফিওরেন্টিনায় তার ধারে যোগ দেওয়ার প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার আগেই সেখানে শত শত সমর্থক অপেক্ষা করছিলেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় ‘রিভার প্লেট’-এর এই সাবেক উদীয়মান তারকার আগমন ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। ক্লাবের গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম কাঙ্ক্ষিত নতুন খেলোয়াড়কে স্বাগত জানাতে এবং তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমিয়েছিলেন বহু ‘ভিওলা’ সমর্থক।

গত মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর চোট এবং নিয়মিত খেলার সুযোগের অভাবে মাস্তানতুওনোর অভিষেক মৌসুমটি কঠিন কেটেছিল। এই প্রেক্ষাপটে, এখন তিনি ইউরোপের অন্যতম কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে মূল দলের হয়ে খেলার মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পথে রয়েছেন।

এই আর্জেন্টাইন ফুটবলার আসন্ন মৌসুমটি ধারে ফিওরেন্তিনায় কাটাবেন। চুক্তিটি ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। এই চুক্তির অধীনে এই খেলোয়াড়টিকে স্থায়ীভাবে কিনে নেওয়ার কোনো শর্ত রাখা হয়নি। অর্থাৎ, ধারের মেয়াদ শেষ হওয়ার পর মাস্তানতুওনো রিয়াল মাদ্রিদে ফিরে আসবেন। রিয়াল মাদ্রিদ তার সম্ভাবনার উপর পূর্ণ আস্থা রাখে এবং তাকে দলের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করে।

১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ফিওরেন্তিনার বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াডে রাখা হয়নি। এই সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গে তার সাময়িক দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা উসকে দিয়েছিল।

এর ঠিক কয়েক দিন পরেই ইতালিতে তার আগমন সেই বিষয়টিই নিশ্চিত করল। রিয়াল মাদ্রিদের লক্ষ্য স্পষ্ট, হোসে মরিনহোর মূল দলে জায়গা পাওয়ার লড়াইয়ে নামার আগে এই তরুণকে সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া। প্রত্যাশা করা হচ্ছে, ইতালিতে নিয়মিত খেলার অভিজ্ঞতা এই আর্জেন্টাইন খেলোয়াড়কে ইউরোপের অন্যতম শক্তিশালী রক্ষণভাগ-সমৃদ্ধ দলগুলোর বিপক্ষে নিজের খেলার মান উন্নত করতে সহায়তা করবে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে মাস্তানতুওনো তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন এবং এরপর চুক্তিতে স্বাক্ষর করে ফিওরেন্টিনার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে সবার সামনে উপস্থিত হবেন। এখান থেকেই তিনি ইউরোপীয় ফুটবলে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সিরি-আ-তে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদে ফিরে মূল দলে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%