প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জে ক্ষেত থেকে আখ তোলার অভিযোগে জমির মালিক ও তার সহযোগীদের বেধড়ক পিটুনিতে ১৪ বছর বয়সী দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত কিশোরদের নাম মোহাম্মদ জায়েদ শাহীদী এবং আশরাফ আলী। নিহতদের পরিবারের অভিযোগ, কেবল মুসলিম হওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু বানিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
আশরাফ আলী দুই মাস আগে দীর্ঘস্থায়ী অসুস্থতায় মাকে হারিয়েছিল। তিন বড় বোনের একমাত্র ভাই এবং পরিবারের সবার ছোট আশরাফ বারহারিয়ার ‘মাদরাসা দারুল উলুম ফয়জানে ওয়ারিস’ থেকে ইতিমধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছিল। তার বাবার ভাষ্যমতে, আশরাফের স্বপ্ন ছিল বড় হয়ে তার মাদরাসার শিক্ষকদের মতো হবে এবং অন্য শিশুদের কুরআন শেখাবে। কিন্তু ২৬ নভেম্বর সকালে বিহারের গোপালগঞ্জ জেলার একটি পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এর একদিন আগেই (২৫ নভেম্বর) একই পুকুর থেকে তার সহপাঠী ১৪ বছর বয়সী মোহাম্মদ জায়েদ শাহীদীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
নিহতদের পরিবারের অভিযোগ, গত ২৩ নভেম্বর ক্ষেত থেকে আখ তোলার অপরাধে একদল লোক ওই দুই কিশোরকে ধাওয়া করে নৃশংসভাবে পিটিয়ে আহত করে এবং পরে পুকুরের পানিতে ফেলে দেয়।
আশরাফের বাবা মোহাম্মদ আসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সামান্য একটি আখ তোলার জন্য নিষ্পাপ শিশুদের কেউ এভাবে হত্যা করতে পারে? মুসলিমদের জীবন কি একটি আখের চেয়েও সস্তা? একটি আখের জন্য ওদের পিটিয়ে মেরে ফেলা হলো!” পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।
সংবাদমাধ্যম ‘মাকতুব’কে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আসলাম জানান, মাদরাসার বাজার-সদাই কেনার জন্য চাঁদা তুলতে পাঁচজন ছাত্র হারপুর গ্রামে গিয়েছিল। বছরে দুবার তারা এই নিয়মিত কাজটি করত। ফেরার পথে বাঙ্গরা গ্রামের কাছে তাদের ই-রিকশাটি বিকল হয়ে গেলে শিশুরা গাড়ি থেকে নিচে নামে। আসলাম বলেন, “চালক যখন ই-রিকশাটি মেরামত করছিলেন, তখন শিশুরা নিচে নেমে দুষ্টুমির ছলে পাশের আখক্ষেতে ঢুকে পড়ে এবং সেখান থেকে এক-দুটি আখ তোলে।”
ই-রিকশা চালক শিশুদের আখ তুলতে নিষেধ করেছিলেন। কিন্তু এরই মধ্যে জমির মালিক সত্যেন্দ্র পান্ডে তার ছেলেদের এবং স্থানীয় আরও কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেখানে উপস্থিত হন এবং শিশুদের ধাওয়া করেন। আসলাম জানান, “তারা শিশুদের ধাওয়া করে ধরে ফেলে এবং নির্মমভাবে পেটাতে থাকে। ই-রিকশা চালককেও বেধড়ক মারধর করা হয়, তবে তিনি কোনোমতে পালিয়ে বাঁচেন। বাকি তিন শিশুও দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।”
পরে চালক মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে মাদরাসার সেক্রেটারি ও একজন শিক্ষক শিশুদের ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে জায়েদ ও আশরাফ নিখোঁজ হয়ে যায়।
দুই দিন ধরে তল্লাশি
ছেলেরা ফিরে না আসায় পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। ২৫ নভেম্বর ঝোপঝাড় ও কর্দমাক্ত এলাকায় ঘেরা একটি পুকুরে ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানোর সময় জায়েদের মরদেহ ভেসে ওঠে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে একই পুকুর থেকে আশরাফের মরদেহ উদ্ধার করা হয়। পুকুরের মাঝখানে শিশুরা কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আসলাম। তার সন্দেহ, প্রচণ্ড মারধরের পর গুরুতর আহত অবস্থায় অথবা হত্যার পর তাদের পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে।
আসলাম অভিযোগ করেন, তল্লাশি চলাকালীন পুলিশের উপস্থিতিতেই সত্যেন্দ্র পান্ডে তাদের হুমকি দিয়েছিলেন এবং নিজেদের সন্তানদের নিজেদেরই খুঁজে নিতে বলেছিলেন। আসলামের দাবি, “পান্ডের ছেলে আমাকে বলেছিল, বাচ্চাদের এমনভাবে পেটানো হয়েছে যে ওরা যেখানেই থাকুক, সারা জীবন তা মনে রাখবে।”
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একটি আখের জন্য যদি তারা আমাদের সন্তানদের হত্যা করে, তবে আমি যদি তাদের পুরো ক্ষেত কিনে নিয়ে তাদের হত্যা করি, তারা কি তার জন্য প্রস্তুত? সামান্য একটি আখের জন্য কাউকে খুন করা কীভাবে যুক্তিসঙ্গত হতে পারে?”
মামলা ও পুলিশের বক্তব্য
আসলাম জানান, গত ২৭ নভেম্বর সত্যেন্দ্র পান্ডে, তার ছেলেদের এবং হামলায় জড়িত অন্যদের নাম উল্লেখ করে একটি এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। ই-রিকশা চালক এবং বেঁচে যাওয়া তিন ছাত্র হামলাকারীদের শনাক্ত করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ নভেম্বর রাত ৮টার দিকে থাওয়ে থানা পুলিশ খবর পায় যে বারহারিয়া থানাধীন একটি মাদরাসার পাঁচ ছাত্র হারপুর গ্রামে চাঁদা তুলতে গিয়েছিল, কিন্তু মাত্র তিনজন ফিরে এসেছে। এ ঘটনায় থাওয়ে থানায় একটি মামলা (নং- ২৭০/২৬) রুজু করে তদন্ত শুরু হয়েছে। বাঙ্গরা গ্রামের পান্ডে টোলির কাছে একটি নিচু জলাশয় থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সব দিক খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
সাম্প্রদায়িকতা ও ঘৃণায় কলুষিত সমাজ
ঘটনার পর সংসদ সদস্য (এমপি) পাপ্পু যাদব মাদরাসাটি পরিদর্শন করেন এবং বিহার সরকার ও মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর কাছে নিহত দুই পরিবারের প্রত্যেককে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের ‘এনকাউন্টার’ অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তোলেন।
পাপ্পু যাদব বলেন, “সৌভাগ্যবশত বাকি তিনটি শিশু পালিয়ে বেঁচেছে; নইলে ওদের সবাইকেই মেরে ফেলা হতো। বিহারের সমাজ এবং সামগ্রিকভাবে পুরো দেশ সাম্প্রদায়িকতা ও ঘৃণায় কলুষিত হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পক্ষপাতদুষ্ট ও ঘৃণায় পরিপূর্ণ।” তিনি মাদরাসার জন্য ১ লাখ রুপি অনুদানের ঘোষণা দেন এবং দুই পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদান করেন।
শুধু মুসলিম হওয়ার কারণেই এই পরিণতি
আসলামের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণেই শিশুদের ওপর এই নৃশংসতা চালানো হয়েছে। তারা মাদরাসার ছাত্র ছিল এবং ঘটনার সময় তাদের পরনে পাঞ্জাবি-পায়জামা ও মাথায় টুপি ছিল।
মাকতুবকে আসলাম বলেন, “শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই ঘৃণার বশবর্তী হয়ে ওদের হত্যা করা হয়েছে। ওদের পরনে পাঞ্জাবি-পায়জামা ও টুপি ছিল। অন্য কোনো সম্প্রদায়ের শিশু হলে এমনটা কখনোই ঘটত না। যদি কোনো মুসলিমের হাতে অমুসলিম শিশু নিহত হতো, তবে এতক্ষণে মুসলিমদের বাড়িঘরে বুলডোজার চালানো হতো। এখন সেই বুলডোজার কোথায়?”
নিহতদের পরিবার এফআইআরে নাম থাকা সকল আসামির অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসলাম বলেন, “আমরা আমাদের ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না।” নিহত মোহাম্মদ জায়েদের বাড়ি সিওয়ান জেলায় এবং আশরাফ আলীর বাড়ি বারহারিয়া পুরানি বাজারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন