০৯:৩৪ পি.এম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্যারালিগ্যালদের কাজ কেবল একটি পেশা নয়; বরং এটি হল জনসেবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা মানুষের দোরগোড়ায় আইনি অধিকার ও আইনগত সেবা পৌঁছিয়ে ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মঙ্গলবার রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা ঢাকায় বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (ডিবিএলএ) এবং ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে প্রণীত ‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, আইনজীবী হওয়ার আগে তিনি প্যারালিগ্যাল হিসেবে প্রান্তিক জনগণের মধ্যে আইনগত সচেতনতা তৈরির কাজ শুরু করেছিলেন। এই কারণে তার প্যারালিগ্যালদের ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
তিনি উল্লেখ করেন, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় আইনগত তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্যারালিগ্যালরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মন্ত্রী বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের প্রান্তিক জনগণের কাছে অধিকারবিষয়ক সচেতনতা পৌঁছাতে ফ্রেন্ডশিপ যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশটির অন্যতম সেরা উদ্যোগ। এ ধরনের উদ্যোগ ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মন্ত্রী প্রশিক্ষণ ম্যানুয়ালকে আরও সহজ, সংক্ষিপ্ত ও ব্যবহারবান্ধব করার জন্য পরামর্শ দেন। বিষয়গুলো সহজ ভাষা, চিত্র ও সারসংক্ষেপের মাধ্যমে উপস্থাপন করা হলে মাঠপর্যায়ে কর্মরত প্যারালিগ্যালদের জন্য তা আরও কার্যকর হবে বলে তিনি মনে করেন। তিনি মানবাধিকার, মৌলিক অধিকার, প্রতিকার পাওয়ার উপায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে সহজবোধ্য ধারণা ম্যানুয়ালে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
আইনমন্ত্রী বলেন, প্যারালিগ্যালদের মানুষের পাশে থেকে নিষ্ঠা, সততা ও মানবিকতা নিয়ে কাজ করতে হবে। তাদের মনে রাখতে হবে, এটি কেবল একটি চাকরি নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবার সঙ্গে সম্পৃক্ত। এই কাজে আন্তরিকতা ও অঙ্গীকার থাকলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বিচার ব্যবস্থার ওপরও ইতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইন ও বিচার বিভাগীয় অতিরিক্ত সচিব খাদেম উল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসাইন এবং ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্ব বিভাগের প্রধান আয়েশা তাসিন খান।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’ তৃণমূল পর্যায়ে প্যারালিগ্যালদের দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা সম্প্রসারিত করার এবং ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। ম্যানুয়ালটি মাঠপর্যায়ে কর্মরত প্যারালিগ্যালদের জন্য একটি ব্যবহারিক প্রশিক্ষণ সহায়িকা হিসেবে ব্যবহৃত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন