প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন, সুস্থ জাতির ভিত্তি হচ্ছে সুস্থ জনগণ। সুস্থ জনগণের গঠন প্রক্রিয়ায় অপরিহার্য হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ।
তিনি উল্লেখ করেন, সমৃদ্ধ ও টেকসই সমাজের ভিত্তি হচ্ছে একটি সুস্থ নগরী। জনস্বাস্থ্য সুরক্ষা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়। রোগ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, জনসচেতনতা, বৈজ্ঞানিক গবেষণা এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম (বীর উত্তম) মিলনায়তনে ১৪তম জাতীয় ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি সম্মেলন ‘বানট্রপটক্স-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজ (বিএসআইটিডি) এবং টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি) সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেসের সভাপতি অধ্যাপক ডা. আমির হোসাইন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উচ্চ জনঘনত্ব এবং পরিবর্তনশীল পরিবেশগত পরিস্থিতির কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং নতুন ভাইরাসজনিত সংক্রমণের মতো জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দেশ।
এছাড়া কীটনাশকজনিত বিষক্রিয়া, সাপের কামড়, ওষুধের অতিমাত্রায় ব্যবহার এবং পরিবেশগত বিষাক্ত উপাদান স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য বাড়তি চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়, গবেষক এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ডা. শাহাদাত বলেন, বৈজ্ঞানিক গবেষণা একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবসম্মত নীতিমালা, কার্যকর চিকিৎসা পদ্ধতি এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগে রূপান্তরিত করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।
চসিক প্রশাসক জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বাদ পড়া শিশুদের টিকাদানের আওতায় আনা এবং বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করার কাজ চলছে।
তিনি আশা প্রকাশ করেন, দু’দিনব্যাপী এ সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশন, মূল প্রবন্ধ উপস্থাপন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসবে। একই সঙ্গে এই সম্মেলন চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ ডা. আনিসুল হোসাইন এবং চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুস সাত্তার ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক শামস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন