প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিবিয়া থেকে সাগরপথে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাত যুবক। তবে, ভূমধ্যসাগরে একটি প্লাস্টিকের নৌকাডুবির পর থেকে ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৫ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
একই নৌযানে থাকা একজন সহযাত্রী প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তার বর্ণনায় উঠে এসেছে যে, নৌকায় ছিদ্র হয়ে যাওয়ার কারণে যাত্রীরা পানিতে পড়ে যান এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন।
নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যদের এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে হাফিজ মিয়ার মাধ্যমে তারা গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন। ৩১ অক্টোবর, তারা প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
নিখোঁজ যুবকদের মধ্যে রয়েছেন—পুরাকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া, ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া এবং লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়া।
পুরাকলা গ্রামের মাসুম মিয়া গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তিনি পরিবারের সদস্যদের জানান যে, তাদের নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে, নৌকাটি ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে এবং যাত্রীরা একে একে পানিতে পড়ে যান। দুই দিন পর, তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর, তিনি আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর একটি বাড়ির সন্ধান পান, যেখানে লোকজন তাকে সহযোগিতা করেন। পরে তিনি গ্রিসে পৌঁছান।
নিখোঁজ যুবকদের পরিবারের অভিযোগ, গ্রিসে পাঠানোর জন্য দালালকে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু যাত্রার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন, যাতে তাদের সন্তান ও স্বজনদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়।
অভিযুক্ত দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।"
স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন, কিন্তু বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো উদ্বিগ্ন অবস্থায় রয়েছে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয় যুবকের সন্ধান ও উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাদের স্বজনেরা।
প্রেরক:
আলাউদ্দিন আল রনি
মাধবপুর-হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল: ০১৭১১৫৮৯৯৯৯
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন