মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
০৩:৩৫ পি.এম
ময়মনসিংহের গৌরীপুরে শিশুদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে দুইটি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় গৌরীপুরে শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে, শিক্ষার্থী ছেলে ও মেয়েদের হাতে ২টি করে ফুটবল তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি, এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ ফুটবল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, "বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীতসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।"
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা ও গোলাম মোস্তফা, পৌর ৫ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য মোঃ শহীদুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, আব্দুল লতিফ, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি আক্তার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, জান্নাতুন ফেরদৌস এবং জিনাত আরা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা খেলাধুলার উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল জেলা সিভিল সার্জন সদ্যনিয়োগপ্রাপ্ত ডা. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার বেলা ১১টার দিকে তারা বরিশার সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করে যে, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। পরে তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, ডা. মনিরুজ্জামান যোগদানের শেষ দিন হলেও তিনি অফিসে যোগ দেননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।
ছাত্র অধিকার পরিষদ বরিশার জেলার সভাপতি সাব্বির হোসেন বলেন, ‘যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা চাই, বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।’
নবনিযুক্ত সিভিল সার্জন ডাক্তার মো. মনিরুজ্জামান গনমাধ্যমকে বলেন, গত ২১ জুলাই তাকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২৩ জুলাই যোগদান করেছেন বলে জানান। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছে।
তিনি আরও বলেন, ‘তারা জানেন আমি দোসর কিনা? সুতরাং এ বিষয়টি নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় নিযুক্ত ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ প্রদান করে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার(২৬ জুলাই) ছিল তার যোগদানের শেষ দিন। এর আগে ২৩ জুলাই তিনি যোগদান করেছেন। তবে তিনি যোগদান করেননি এমনটি ভেবে যোগদানে বাধা দিতে আন্দোলনকারীদের বিরোধিতা ছিল তার কার্যালয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলা শহরের কালেক্টরেট স্কুলে বিজ্ঞান এবং গণিত অলিম্পিয়াড সম্পর্কিত দুই দিনব্যাপী একটি কর্মশালা আজ শুরু হয়েছে। এই কর্মশালার উদ্বোধন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করেন।
জেলা প্রশাসন ও কালেক্টরেট স্কুলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম।
কর্মশালার উদ্বোধনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, "বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা প্রয়োজন। আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা আছে। এই কর্মশালা তাদের সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করার একটি উদ্যোগ।"
তিনি আরও বলেন শিক্ষকদের উদ্দেশ্যে, "শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা অর্জন করতে পারে।"
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম এবং কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর আলী সহ অন্যান্য বক্তাদের বক্তব্যও ছিল।
জেলার সাতটি উপজেলার নবম ও দশম শ্রেণির মোট ৪৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছে। কর্মশालায় শিক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং আইসিটি বিষয়ে জ্ঞান লাভ করবে। সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর মোট ১২ জন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। রবিবার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে টর্চলাইটের আলো ফেলতেই মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে.’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার পর সেই ঘটনায় অভিযুক্ত আরেক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত নুরুল ইসলাম ইরানের (৪৫) ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল গ্রামে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার কিশোরের নাম নাঈম (১৫) এবং নিহত ইরান ওই এলাকার নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার নুরুল ইসলাম ইরান একজন চিহ্নিত মাদক কারবারি। তার কিছু ইয়াবা তার এক সঙ্গী হারিয়ে ফেলেন।
এসব খুঁজতে শুরু করলে সঙ্গী জানান, ইয়াবাগুলো এলাকার কিশোর নাঈম (১৫) ও এমরানের (২০) কাছে আছে। এতে ক্ষিপ্ত হয়ে ইরান তার দলবল নিয়ে সোমবার (২০ জুলাই) রাতে নিজবাড়ি থেকে ডেকে নিয়ে নাঈম ও এমরানকে ব্যাপকভাবে মারধর করেন।
নাঈমকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে চামড়া ও নখ তুলে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় নিজবাড়ির সামনে ফেলে যান ইরান। এছাড়া একই সময়ে এমরানকে মারতে থাকলে তার বাড়ির লোকজন এমরানের প্রাণ ভিক্ষা চান।
এতে তিনি টাকা দাবি করলে তাকে ৩০ হাজার টাকা দিয়ে এমরানকে ছাড়িয়ে নিয়ে যান। সেই থেকে নাঈম ও এমরান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নাঈম মারা যায়।
এদিকে, গত শনিবার বিকেল ৫টায় নাঈমের জানাযায় মাইকে গ্রামবাসী ঘোষণা করে যে তারা এরকম অত্যাচার মেনে নেবেন না। এতে পাল্টা হুমকি হিসেবে ইরান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
এতে ক্ষিপ্ত হয়ে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের মানুষ একত্রিত হয়ে ইরানকে খুঁজে বের করে পিটিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার ১০-১২টি আস্তানা গুড়িয়ে দিয়ে তার ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়।
নিহত নাঈমের চাচা মো. ফারুক জানান, নাঈম খুবই দরিদ্র পরিবারের ছেলে কিন্তু ভালো ছেলে। ইরানের কিছু ইয়াবা হারিয়ে গেলে তার এক সঙ্গী নিজে বাঁচতে বলেন যে—ইয়াবাগুলো নাঈম ও ইমরানের কাছে আছে। এতে তিনি নাঈম ও এমরানকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার শুরু করেন। এক পর্যায়ে নাঈমের নখ ও চামড়া তুলে নেওয়া হয়। এতে গুরুতর আহত হলে তাকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান তারা।
এমরানের মা হাসিনা বেগম জানান, ৩০ হাজার টাকা দিয়ে ইরানের হাত থেকে এমরানকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ‘নাঈম হত্যার ঘটনায় শনিবার থানায় একটি মামলা হয়েছে। এরপর নাঈমের জানাযা শেষে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইরানকে হত্যা করে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া ইরানের আস্তানা হিসেবে ব্যবহৃত অন্যান্য ১০-১২টি ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ