প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেনসেন হুয়াং, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময় পর আবারও প্রতিষ্ঠানটির নেতৃত্বে ফিরে এসেছেন। চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে তার পদত্যাগের পর, পরিচালনা পর্ষদ প্রথমে তার ফিরে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তবে, পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি নিজেই হুয়াংকে ফিরিয়ে আনার জন্য পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন।
ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, প্রশাসন আর্থিক স্বার্থের কাছে জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিচ্ছে। অন্যদিকে, হুয়াং আগামী ডিসেম্বরের শুরুতে মার্কিন কংগ্রেসের সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার হুয়াংয়ের পুনর্নিয়োগের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক সপ্তাহের দরপতনের ধারার অবসান ঘটে। তার পদত্যাগের ফলে এনভিডিয়ার শেয়ারের দাম ব্যাপকভাবে কমে গিয়েছিল। কিন্তু সোমবার পুনর্নিয়োগের ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩১ শতাংশ বেড়ে যায়, ফলে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পায়। যদিও দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম শুক্রবার সকালে লেনদেন শুরুর সময়ের তুলনায় সামান্য কম ছিল।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি সি জোন্স সোমবার এক বিবৃতিতে জানান, পরিচালনা পর্ষদ মনে করে, জেনসেনই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নেওয়ার পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা আশ্বস্ত হয়েছেন যে, হুয়াংকে ফিরিয়ে আনলে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না। অথচ গত মঙ্গলবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্পষ্ট জানিয়েছিল, হুয়াংকে পুনর্নিয়োগের কোনো পরিকল্পনা তাদের নেই।
গত ১২ নভেম্বর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর হুয়াং পদত্যাগ করেন। তার বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এক নারী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবরও প্রকাশিত হয়েছিল। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী ছিলেন।
সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানায়, প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার প্রস্তুতি চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছেন এবং হুয়াংকে ফিরিয়ে আনতে তাদের রাজি করিয়েছেন।
ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে পরিচালনা পর্ষদ নিশ্চয়তা চেয়েছিল। তারা যতটুকু জানেন, সে অনুযায়ী নিশ্চয়তা দিয়েছেন। এ বিষয়ে তাদের কাছে অনেক তথ্য রয়েছে। হুয়াংয়ের ফিরে আসা কোনো হুমকি কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাকে হারানোই বরং হুমকি।’
হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারের দরপতন ট্রাম্পকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপে প্রভাবিত করেছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত তাই।’ আন্তর্জাতিক নিরাপদ ও নৈতিক এআইবিষয়ক সংস্থার প্রধান স্টুয়ার্ট রাসেল মনে করেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে ফিরিয়ে এনেছে হোয়াইট হাউসের প্রচণ্ড চাপের মুখে।
রাসেল বলেন, এনভিডিয়াসহ এ ধরনের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। তার ধারণা, আগামী কয়েক সপ্তাহে শেয়ারবাজারের আরো বড় দরপতনের আশঙ্কা থেকেই হুয়াংকে ফিরিয়ে আনার জন্য হোয়াইট হাউস উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
তবে, হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নীতি মেনে চলার ক্ষেত্রে এনভিডিয়ার ভূমিকা নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে। এমনকি রিপাবলিকান দলের কয়েকজন সদস্যও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। নেব্রাস্কার রিপাবলিকান কংগ্রেস সদস্য ডন বেকন বলেন, এনভিডিয়ার উচিত ছিল হুয়াংকে ছাড়াই সামনে এগিয়ে যাওয়া।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় জিততে চায়, অন্যদিকে চীনের হাতে নিজেদের সেরা প্রযুক্তি তুলে দিতে পারে না। এ ঘটনায় কারা দায়ী, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আর্কানসাসের রিপাবলিকান সিনেটর টম কটনও কংগ্রেসের পক্ষ থেকে তদন্তের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, এনভিডিয়া ও মেগাস্পিডকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা বড় সমস্যার কেবল একটি অংশ। জেনসেন হুয়াং চাকরি ফিরে পেলেও এ বিতর্কের অবসান হয়নি। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।
দলটির আইনপ্রণেতারাও এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন। সিনেটের ব্যাংকিং কমিটির পরবর্তী চেয়ারম্যান হতে যাওয়া সিনেটর এলিজাবেথ ওয়ারেন হুয়াংয়ের পুনর্নিয়োগের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন।
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সিডনি কামলাগার-ডোভ বিবিসিকে বলেছেন, একাধিক তদন্ত শেষ হওয়ার আগেই হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ‘অপরিণত’।
প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য আন্দ্রে কারসনও বিবিসিকে বলেন, নিয়ন্ত্রণাধীন কোনো প্রযুক্তি চীনের হাতে চলে গেছে কি না, সে বিষয়ে কংগ্রেসের পূর্ণাঙ্গ হিসাব ও ব্যাখ্যা পাওয়া প্রয়োজন।
আগামী ১ ডিসেম্বর প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনে রুদ্ধদ্বার বৈঠকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে হুয়াংয়ের। এর দুই দিন পর তাঁকে সিনেটের ব্যাংকিং কমিটির সামনেও সাক্ষ্য দিতে বলা হয়েছে।
এনভিডিয়ায় ট্রাম্পের বিনিয়োগ
গত বছর আবার হোয়াইট হাউসে ফেরার পর এনভিডিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন ট্রাম্প। তার সাম্প্রতিক আর্থিক বিবরণী অনুযায়ী, সেপ্টেম্বরে তিনি প্রতিষ্ঠানটির ২ লাখ ৬৫ হাজার ডলারের শেয়ার কিনেছেন। একই সময়ে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের শেয়ার বিক্রিও করেছেন।
বিবিসির পর্যালোচনায় ট্রাম্পের গত দুই বছরের সরকারি আর্থিক বিবরণীতে দেখা গেছে, তিনি বিভিন্ন বিনিয়োগ হিসাবের মাধ্যমে ২৩ মিলিয়ন থেকে ৮৬ মিলিয়ন ডলার মূল্যের এনভিডিয়ার শেয়ার কিনেছেন। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২৩০ কোটি থেকে ৮৬০ কোটি টাকা। সব মিলিয়ে ৮৫ দফায় তিনি প্রতিষ্ঠানটির শেয়ার কিনেছেন।
হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারের দাম কমে যাওয়ায় ট্রাম্পের বিনিয়োগের মূল্যেও প্রভাব পড়ার কথা। তবে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এনভিডিয়ায় নিজের কিছু শেয়ার বিক্রিও করেছেন। সরকারি আর্থিক বিবরণী অনুযায়ী, ১৯ দফায় শেয়ার বিক্রি করে তাঁর আয় হয়েছে ৩৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ডলারের মধ্যে।
এ বিষয়ে জানতে বিবিসি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
ট্রাম্প ও হোয়াইট হাউস বারবার দাবি করেছে, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মাধ্যমে ট্রাম্প ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নিচ্ছেন—এ অভিযোগ সত্য নয়। ট্রাম্প বলেছেন, শেয়ারবাজারের ঊর্ধ্বগতিতে ‘সবাই’ লাভবান হচ্ছেন। নিজের বিনিয়োগ হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্তও তিনি নেন না বলে দাবি করেছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ছেলেদের পরিচালনায় থাকা একটি ট্রাস্টের অধীনে দিয়েছেন।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন