১১:৫৯ পি.এম
চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারে একটি সোনার দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক গহনার কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’-এ অবস্থিত ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে প্রায় দুই বছর ধরে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রিযাপন করতেন।
আরও পড়ুন: উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন
স্থানীয়দের তত্ত্বাবধানে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার (১৭ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকার জন্য দোকান বন্ধ ছিল এবং বিজয় ঘোষ দোকানের ভেতরেই অবস্থান করছিলেন।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে এসে শাটার খোলা থাকলেও তিনি ভেতরের কলাপসিবল গেটে তালা দেখতে পান। কয়েকবার ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য অথবা দোকানের কারও কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতের কোনো সময় মোবাইল ফোনে কারও সঙ্গে তার উচ্চস্বরে কথা কাটাকাটির ঘটনা তিনি শুনেছেন। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে তারা কিছুই নিশ্চিত নয়।
খবর পেয়ে হাইমচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ঘটনা জানার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনার কারণে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন