০৩:৪৮ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার কারণে মোক্তার আলী (৪৭) নামের এক ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ।
আরও পড়ুন: কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত
জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের বাড়ীরটেক এলাকার মৃত মোকসেদ আলীর পুত্র।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর সদর উওজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় পরকীয়ায় জড়িত সন্দেহে ঝগড়ার এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে ছুরিকাঘাতে হত্যা করেন স্বামী মোক্তার আলী।
পরে এ ঘটনায় সদর মডেল থানায় হত্যার মামলা করেন নিহতের পরিবার। এরপর পুলিশ আসামি মোক্তার আলীকে গ্রেফতার করে এবং তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, আদালত এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি মোক্তার আলীকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী আস্তানায় ৩ মরদেহের সন্ধান মেলেনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন