০৯:৪৮ পি.এম
মালয়েশিয়ায় একটি পুলিশি ছদ্মবেশে এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ ও ডাকাতির অভিযোগে ৩ জন স্থানীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার (৬ জুলাই) পেরাক রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহদ আলউই জয়নাল আবিদিন এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যের মানজুং জেলার পান্তাই রেমিস এলাকায় ৪৫ বছর বয়সি ওই বাংলাদেশি ডাকাতির শিকার হন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ওই প্রবাসীকে জোরপূর্বক একটি নিসান এক্স-টেইল এসইউভিতে তুলে হাতকড়া পরিয়ে দেয় এবং তার কাছে থাকা ৮ হাজার রিঙ্গিত ছিনিয়ে নেয়। পরে, গাড়িটি পান্তাই রেমিস থানার দিকে না গিয়ে অন্য রাস্তায় যেতে শুরু করলে ভুক্তভোগীর মনে সন্দেহের উদ্রেক হয়। একপর্যায়ে, জীবন বাঁচাতে চলন্ত গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দেন ওই প্রবাসী, যার ফলস্বরূপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লুমুতের সেগারি এলাকার ১২ নম্বর মাইলে রাস্তার পাশে ছিটকে পড়ে।
আরও পড়ুন: কালিয়াকৈরে আজমরি পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা
এরপর, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে নামার পর ডাকাতরা একটি মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনাটি পর ভুক্তভোগী প্রবাসী রাতে থানায় অভিযোগ দায়ের করলে মানজুং জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ পান্তাই রেমিস ও সেগারি থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাংকাট ক্রুইং এলাকা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে অপরাধের জন্য ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, এটিএম কার্ড, নগদ টাকা, হাতকড়া এবং একটি 'সহকারী পুলিশ' পরিচয়পত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ডাকাতিতে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং পুলিশ পরবর্তী তদন্তের মাধ্যমে তারা অন্য কোনো এলাকায় একই ধরনের অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখছে।
আরও পড়ুন: শিক্ষকের ‘অজ্ঞান হওয়ার ভান’ ধরেও শেষ রক্ষা হলো না, ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন