প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের সূত্র অনুযায়ী, মামলায় আসামিদের মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে, গত বুধবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগে যায়। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ সময় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।
এ ঘটনায় সংসদ সদস্য অভিযোগ করেছেন যে, পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এ বিষয়ে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে মামলার এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
এদিকে, এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন, এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
তিনি আরও জানান, এমপি নুসরাতের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন