প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃদ্ধা বেগম বিবি রান্নাঘরে বসে ছিলেন এবং পরিবারের জন্য খাবার প্রস্তুত করছিলেন। কিন্তু কে জানত, সেই রান্নাঘরেই তার ওপর আসবে ভয়াবহ বিপদ! স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নিতে তার ওপর চালানো হয় নির্মম হামলা। দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা মাথায় মুগুর দিয়ে আঘাত করে এবং কান ও নাক কেটে অলংকার ছিনিয়ে নেয়। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন এই বৃদ্ধা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার জীবন প্রদীপ নিভে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ নিহতের হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায়। নিহত বেগম বিবি ওই এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেগম বিবি নিজ বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পাশে থাকা একটি মুগুর দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এরপর দুর্বৃত্তরা তার কান কেটে কানের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় বেগম বিবিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার রাতে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামান্য কিছু স্বর্ণালংকারের জন্য একজন বৃদ্ধাকে এভাবে নির্মম হামলার শিকার হতে হলো—এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃদ্ধা বেগম বিবির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার ছেলে জসিম মোল্লা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়েছিল। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন