বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৮:৫৩ পি.এম
ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকার আরও সুদৃঢ় ও সমুন্নত হবেÑএটাই আমাদের প্রত্যাশা।
অ্যাটর্নি জেনারেল তাঁর বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং রাষ্ট্রের কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আর্থিকভাবে অসচ্ছল একজন গরিব ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষাগত সহায়তা প্রদান করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অর্থ তুলে দেন ইউএনও জিল্লুর রহমান।
সহায়তা প্রদানকালে, ইউএনও শিক্ষার্থীর পড়াশোনার খোঁজখবর নেন এবং তার ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ইউএনও জিল্লুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে শুধুমাত্র আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে দিনরাত কাজ করছে। ভবিষ্যতেও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। তাদের মতে, একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, প্রশাসনের এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হতে শুরু করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ২০ আগস্ট, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে বিস্তার করতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ‘নজরুল বর্ষ’ পালনের লক্ষ্যে জেলা কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এবং সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুর চৌধুরী পাবেলসহ জেলা প্রশাসনের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানান, নজরুলের সৃষ্টিকর্ম শুধু বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ নয়, বরং তার সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনা বর্তমানে প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান উল্লেখ করেন, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনের ফলে তার প্রজ্ঞা, সততা, ত্যাগ, সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকার তাকে জাতীয় রাজনীতিতে একজন প্রাজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তারা আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের গুরুদায়িত্বে অধিষ্ঠিত হলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে গভীর উপলব্ধি দেশের সংবিধানের মর্যাদা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, সুশাসনের বিকাশ এবং জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউট্যাব নেতারা বলেন, দেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন সংরক্ষণ এবং মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতির অভিভাবকত্ব ও সুচিন্তিত দিকনির্দেশনা দেশের শিক্ষকসমাজকে অনুপ্রাণিত করবে বলেও আমরা আশাবাদী।
তারা বলেন, আমরা প্রত্যাশা করি, নতুন রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
ইউট্যাবের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়েছে। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তার দায়িত্বশীল ও সফল ভূমিকার জন্য ইউট্যাব সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশাবাদ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ