প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ মন্তব্য করেছেন, যে দল মানুষের কাছে দেওয়া কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে, সেই দলই বিএনপি। তিনি উল্লেখ করেছেন, "আমরা কথা দিয়েছিলাম, সুযোগ পেলে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করা হবে। আজ সেই কাজের সূচনা হয়েছে।" তিনি সকলকে সতর্ক করেছেন যেন কোনো কারণে তাদের অসহযোগিতার ফলে সড়কের নির্মাণকাজ বন্ধ না হয়। এই প্রকল্পের মাধ্যমে তিনি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির ঋণ পরিশোধের ইচ্ছা প্রকাশ করেছেন।
সোমবার বিকেল ৩টায় লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বামৈ কাটিয়ারা মাঠে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জি কে গউছ আরও বলেন, "বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল এই রাস্তাটি বড় হবে। তিনি বলেছিলেন, আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে লাখাইয়ের সব সমস্যার সমাধান করা হবে।" তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চার লেনের সড়ক নির্মাণকাজ বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পর্যায়ক্রমে এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে।
আগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হুইপ বলেন, "আগের আমলের এমপিরা বাথরুম তৈরি করলেও নামফলক লাগাতেন। আমরা ফলকে বিশ্বাসী নই, মানুষের হৃদয়ে ফলক স্থাপন করতে চাই।" তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ ও প্রতারকের স্থান নেই। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট করেছে এবং মানুষের স্বাধীনতা হরণ করেছে।
প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরো ২৬ কিলোমিটার সড়ককে চারটি পৃথক প্যাকেজে ভাগ করা হয়েছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বাজার এলাকাগুলোতে টেকসই নির্মাণের জন্য রিজিড পেভমেন্ট (ঢালাই সড়ক) করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৮ সালের জুন নাগাদ প্রকল্পের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকারের কারিগরি তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ভূমি অধিগ্রহণ ও সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন এবং সদর ও লাখাই উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে বিবেচিত হয়। সড়কটি চার লেনে উন্নীত হলে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। এতে যাতায়াতে সময় ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবহন ব্যয় কমবে। একই সঙ্গে হাওরাঞ্চল লাখাইয়ের কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় শিল্পায়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ড. আখতার আহাদ চৌধুরী স্বপন, আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ মো. ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিয়া মুহাম্মদ লায়েছ, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মালু, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরিফ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট শামসুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন