প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর এক বছর পূর্ণ হলো। ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে তিনি মারা যান। প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বামীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী হেমা মালিনী। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
হেমা তার পোস্টে উল্লেখ করেছেন, ‘দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল, কিন্তু আমার শোকের তীব্রতা এতটুকু কমেনি। এমন একজন মানুষকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছি, যিনি শুধু আমার স্বামী ছিলেন না। তিনি ছিলেন আমার সবকিছু—বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, আমার শক্তি, সংক্ষেপে আমার অস্তিত্বের অংশ।’
তিনি আরও জানান, ধর্মেন্দ্রকে ছাড়া জীবন শূন্য মনে হচ্ছে। হেমা লেখেন, ‘তার অসাধারণ ব্যক্তিত্ব, সহজাত ভালো গুণাবলি এবং পরিচিত সবার প্রতি ভালোবাসা তাকে সত্যিই অনন্য করে তুলেছিল। সাফল্যের শিখরে পৌঁছেও তিনি মাটির কাছাকাছি ছিলেন, নিজের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।’
ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে হেমা বলেন, ‘ভগবদ্গীতা বলে, আত্মা অমর এবং পুনর্জন্ম লাভ করে। আমি তা জানি। কিন্তু আমি এখনো এই জীবনেই আছি, তাই তার স্নেহময় উপস্থিতি ভীষণভাবে অনুভব করি।’
স্বামীর স্মৃতিতে বার্তা দেওয়ার পাশাপাশি ধর্মেন্দ্রকে ভালোবাসা ও স্মরণ করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেমা। তিনি বলেন, লাখো ভক্ত ধর্মেন্দ্রকে মনে রেখেছেন এবং তাকে নিয়ে উষ্ণ বার্তা পাঠিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
১৯৮০ সালে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তাদের দুই মেয়ে—এশা দেওল ও অহনা দেওল। দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলিউডে ‘হি-ম্যান’ নামে পরিচিত এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা ও ভক্ত। মুম্বাইয়ের পাওয়ান হংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরে ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে তার স্মরণে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন