প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মান ব্যাংকিং জায়ান্ট ডয়চে ব্যাংকের অতীত ব্যবসায়িক কর্মকাণ্ড বর্তমানে কঠোর নজরদারির আওতায় রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের পর ফাঁস হওয়া লাখ লাখ ইমেইল এবং অন্যান্য নথিপত্রের ভিত্তিতে ব্যাংকটির অন্ধকার অতীত প্রকাশ্যে এসেছে। ব্যাংকটির সম্পর্ক কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন এবং প্রভাবশালী রুশ ধনকুবেরদের সঙ্গে নিয়ে আলোচনা চলছে।
২০১৮ সালে ক্রিশ্চিয়ান সুইং ব্যাংকটির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ব্যাংকের ভাগ্য ফিরিয়ে আনার জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। তবে ফিন্যান্সিয়াল টাইমসের মতে, তিনি শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনেক তথ্য গোপন করেছিলেন এবং আরও বড় ঝুঁকি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এই তদন্তে হিসাবরক্ষণ সংক্রান্ত নানা কৌশল উন্মোচিত হয়েছে এবং জেফরি এপস্টেইনের সঙ্গে ব্যাংকটির সম্পর্কের বিষয়ে নতুন আলোকপাত করা হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির প্রভাবশালী রুশ ধনকুবের গ্রাহকদের বিষয়টি নীতিমালা পরিপালনের ক্ষেত্রে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপকরা বারবার সতর্ক করেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অলিগার্কদের সঙ্গে ব্যবসা করলে ব্যাংকটি আর্থিক অপরাধ এবং সুনাম ক্ষুণ্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। তবে ব্যাংকটি সতর্কবার্তাগুলোকে উপেক্ষা করে ব্যবসা চালিয়ে গেছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, তখন সংকটের ভয়াবহতা বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমা সরকারগুলো যখন মস্কোর ওপর নতুন আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে এগোচ্ছিল, তখন ডয়চে ব্যাংকের কর্মীরা তাদের আর্থিক ঝুঁকির পরিমাণ নিরূপণ করতে হিমশিম খাচ্ছিলেন।
আক্রমণের কয়েক ঘণ্টা পর এক ইমেইল আদান-প্রদানে এক আর্থিক অপরাধবিরোধী বিশেষজ্ঞ উল্লেখ করেন যে, ব্যাংকটির রুশ অলিগার্ক গ্রাহকদের একটি বড় অংশ রয়েছে, এবং এমন গ্রাহকও আছেন যাদের রুশ কোম্পানিতে বিনিয়োগ রয়েছে। তিনি সহকর্মীদের কাছে জানতে চান, কোন সম্পর্কগুলো ছিন্ন করা যাবে এবং কোনগুলো যাবে না। এমনকি গ্রাহকদের হাতে সময় থাকতেই তাদের অর্থ তুলে নেওয়ার পরামর্শ দেওয়ার সম্ভাবনার কথাও তিনি তুলেছিলেন।
ফাঁস হওয়া নথিতে উল্লেখিত ব্যবসায়ীদের মধ্যে রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ীরা রয়েছেন, যেমন কোটিপতি ওলেগ ডেরিপাস্কা এবং ভিক্টর ভেকসেলবার্গ। অভ্যন্তরীণ দলগুলো তাদের অর্থ লেনদেন পরিচালনার ঝুঁকির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও ব্যাংকটি ব্যবসা চালিয়ে গিয়েছিল।
এই বিস্ফোরক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ব্যাংকটির শেয়ারের দাম প্রায় ছয় শতাংশ কমে গেছে। ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ২০১০-এর দশকের শুরুর দিক থেকে শুরু করে ইমেইল, অভ্যন্তরীণ তদন্ত, পরিচালনা পর্ষদের কার্যবিবরণী, কমপ্লায়েন্স রেকর্ড এবং কর্মীদের চ্যাট লগ অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার বাইরেও এই নথিগুলো কলঙ্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের সঙ্গে ব্যাংকটির সম্পর্কের নতুন দিক উন্মোচন করেছে।
এতে দেখা গেছে, ডয়চে ব্যাংক এপস্টেইনের সঙ্গে যুক্ত প্রায় ৬০ কোটি ডলারের সন্দেহজনক লেনদেন সম্পন্ন করেছে, যা আগে জানা তথ্যের চেয়ে অনেক বেশি। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এই অর্থের মধ্যে নারীদের দেওয়া অর্থ, দাতব্য অনুদানের সন্দেহভাজন অপব্যবহার এবং অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা লিওন ব্ল্যাক ও হেজ ফান্ড কোটিপতি গ্লেন ডুবিনের মতো ধনী ব্যক্তিদের কাছ থেকে আসা অর্থ স্থানান্তর অন্তর্ভুক্ত ছিল।
ডুবিন এপস্টেইনের সাথে কোনো ধরনের যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছেন। এদিকে লিওন ব্ল্যাকের আইনজীবীরা বলেছেন, একটি স্বাধীন তদন্তে দেখা গেছে যে তিনি কেবল কর এবং সম্পত্তি পরিকল্পনা সংক্রান্ত পরামর্শের জন্য এপস্টেইনকে অর্থ দিয়েছিলেন। তারা আরো যোগ করেন, ব্ল্যাক অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। ২০১৯ সালে, অর্থাৎ যে বছর এপস্টেইন কারাগারে মারা যান, সেই বছর এই লেনদেনগুলো করা হয়েছিল।
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে যৌনবৃত্তি চাওয়ার অপরাধে দণ্ডিত হওয়া সত্ত্বেও ২০১৩ সালে ডয়চে ব্যাংক এপস্টেইনকে গ্রাহক হিসেবে গ্রহণ করেছিল। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বারবার আসা সতর্কবার্তা উপেক্ষা করেছিল এবং ২০১৮ সালে যখন এপস্টেইনের যৌন নিপীড়নের মামলাগুলো প্রকাশ্যে চলে আসে, তখন তারা এই সম্পর্ক ছিন্ন করে।
ডয়চে ব্যাংকের জন্য এমন এক কঠিন সময়ে এই তথ্যগুলো সামনে এসেছে, যখন জার্মান কর্তৃপক্ষ চলতি বছর ইতিমধ্যে তিনবার ব্যাংকটির কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে এবং অতীত কর্মকাণ্ডের জন্য ব্যাংকটি এখনো কঠোর নজরদারির মধ্যে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন