বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৮ পি.এম
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা।। বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার নাদিয়া বেগম (৩৮) নামে এক নারীর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বরিশাল আদালতে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে সামনে পৌছালে সড়কের মধ্যে মাহিন্দ্রা গাড়িতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রাম থেকে নাদিয়া বেগমকে তার নিজ ঘর থেকে মাদক সহ গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাদিয়ার কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫৪০ টাকা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তবে নাদিয়ার পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি।
নিহত নাদিয়া বেগমের স্বামী মন্ঠু গাজী বলেন, পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সেলিম রেজার সাথে তার জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যেই জমি সংক্রান্ত বিষয়ে আদালত একটি মামলা চলমান রয়েছে। টাকার বিনিময়ে পুলিশ দিয়ে তার স্ত্রীকে গ্রেফতার করানো হয়েছে। পরবর্তীতে থানায় নিয়ে তার স্ত্রী নাদিয়াকে নির্যাতন করা হয়েছে। যে মানুষকে বাসা থেকে পুলিশ সুস্থ অবস্থায় নিয়ে গেলেন সে আদালতে যাওয়ার পথে কিভাবে মারা গেল। পুলিশের নির্যাতনেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, নাদিয়াকে গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ইয়াবা তিনি গিলে ফেলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন ওসি। তিনি আরও জানান, নাদিয়ার স্বামীর মন্ঠু গাজীর বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। নাদিয়ার ছেলের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে। মন্টু দীর্ঘদিন ধরে তার স্ত্রী সন্তানদের নিয়ে মাদক ব্যবসা করে আসছে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মাসুম বিল্লাহ বলেন, বাকেরগঞ্জে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে নাদিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। জেলহাজতে পাঠানোর আগে তিনি অসুস্থ হয়ে মারা যান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাদিয়ার সঙ্গে থাকা ইয়াবা সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, মাদকসহ কেউ আটক হলে এ নিয়ে বিভিন্ন ধরনের কথা ছড়ায়। নাদিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এবং পুলিশ হেফাজতে তার ওপর কোনো ধরনের নির্যাতন হয়েছিল কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে।
নিহত নাদিয়া বেগমকে ময়নাতদন্ত শেষে আজ বিকেল ৫ টায় পারিবারিক কবরস্থানে দাফন দেওয়া হয়। তার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাদিয়া বেগমের ৫ বছরের ছেলে রেদোয়ান ও আড়াই বছরের আজিফা নামের একটা কন্যাসন্তান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা কর্তৃক নগরীতে মাদকবিরোধী আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জনাব অলক কান্তি শর্মার নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল নগরীর রসুলপুর বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এ অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের ওপর বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সার্বিক সহায়তা প্রদান করেন।
উক্ত অভিযানে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আল মামুন উল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : কোচ কার্লো আনচেলত্তি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের জন্য ২৬ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলতে প্রস্তুত হচ্ছে এই দল।
সর্বশেষ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে থেকে ৯ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, মার্কিনোস এবং ব্রুনো গিমারায়েসের মতো তারকা খেলোয়াড়রা দলে স্থান পেয়েছেন।
বিশ্বকাপ খেলা দলের মধ্যে কাসেমিরো, লুকাস পাকেতা, ফাবিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া এবং তিন গোলরক্ষক আলিসন, ওয়েভারটন ও এডারসন বাদ পড়েছেন। দলে ফিরেছেন ফরোয়ার্ড পেদ্রো ও হোয়াও পেদ্রো।
এছাড়া, প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন আটজন নতুন খেলোয়াড়। তাদের মধ্যে পেদ্রো মরিসকো, ওটাভিও, আর্থার দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন এবং গাব্রিয়েল বোনটেম্পো অন্তর্ভুক্ত আছেন।
দল ঘোষণার সময় কোচ আনচেলত্তি মন্তব্য করেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা আগামী বছর কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপের জন্য নতুন পথচলা শুরু করতে যাচ্ছি।’
ব্রাজিল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া সফরে ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউন্সভিল এবং ব্রিজবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর তারা কলকাতায় ভারতের বিপক্ষে আগামী ৩ অক্টোবর মাঠে নামবে।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল এই প্রথম মাঠে নামতে যাচ্ছে। ২৫ ও ২৯ সেপ্টেম্বর তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এবং পরে ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে।
ব্রাজিল দল :
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওটাভিও
ডিফেন্ডার : আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো বাইডন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইস, গাব্রিয়েল বোনটেম্পো।
ফরোয়ার্ড : এনদ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লেনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের সূচনা করেছে বার্সেলোনা, যা ছিল একটি গোল উৎসব। গত রাতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বার্সেলোনা নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করেছে।
বার্সেলোনার হয়ে দুইটি গোল করেছেন রাফিনহা। এছাড়া, লামিনে ইয়ামাল, গ্যাব্রিয়েল জেসুস ও করিম আদেয়েমি প্রত্যেকে একটি করে গোল করেছেন।
ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে বার্সেলোনা ফেইনুর্ডের বিরুদ্ধে প্রথম গোলটি করে। ইয়ামালের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে দুইজন প্রতিপক্ষকে কাটিয়ে রাফিনহা জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
২২ মিনিটে বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে। হুয়াও ক্যানসেলোর পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন আদেয়েমি। প্রথমার্ধে এই দুই গোলের মাধ্যমে বার্সেলোনা এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা মাঝমাঠ দখলে নিয়ে তৃতীয় গোলটি করে। ৫৭ মিনিটে পেদ্রির সহায়তায় বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে রাফিনহা ফেইনুর্ডের জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান। এবারের মৌসুমে এটি তার অষ্টম গোল।
৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন ইয়ামাল। একাধিক গোল হজমের পর ফেইনুর্ড প্রথম গোলের দেখা পায়। ৮২ মিনিটে সেম স্টেইন গোল করে ব্যবধান কমান।
ফেইনুর্ডের প্রথম গোলের পর আবারও ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৮৫ মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় জেসুস।
শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে এটি তাদের চতুর্থবার প্রতিপক্ষকে পাঁচ গোলে হারানোর ঘটনা।
স্প্যানিশ লিগে চার ম্যাচের মধ্যে বার্সেলোনা যথাক্রমে ৫-০, ৫-২ ও ৫-০ গোলে জয়ী হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রথম পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে তারা ২২ গোল করেছে এবং বিপরীতে মাত্র ৩ গোল হজম করেছে।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘ছেলেরা খুবই ভালো খেলেছে। দারুণ একটি ম্যাচ ছিল। ম্যাচের শুরু থেকে আমরা বল ও মধ্যমাঠ দখলে রাখার চেষ্টা করেছি।
আমাদের মূল লক্ষ্য ছিল-আধিপত্য বিস্তার করে খেলা। আমি বলবো, আমাদের পরিকল্পনায় আমরা সফল হয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতেই আত্মবিশ্বাস দেবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ