প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের অধীনে দায়িত্ব পালনরত একটি ইতালীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে, যেখানে জানা যায় যে, এই দুর্ঘটনায় চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবক সামরিক কোরের সদস্য ছিলেন। আহত ১১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো মন্তব্য করেন, ‘এই গভীর শোকের মুহূর্তে, আমার প্রথম ভাবনা নিহতদের পরিবারের প্রতি। আমি তাদের প্রতি এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে ব্যক্তিগত সমবেদনা জানাচ্ছি।’
সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ব্রকো জেলার গোরিচে গ্রামে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি সামরিক পরিবহন হেলিকপ্টার মাটিতে উল্টে পড়ে আছে এবং সেটি টুকরো টুকরো হয়ে গেছে।
হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের অপারেশন আলথিয়ার অংশ হিসেবে নিয়োজিত ছিল। এই মিশনটি ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করে থাকে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে তদন্ত চলছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
সূত্র: রয়টার্স
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন