০৫:৫৯ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেছেন যে, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, শিক্ষাখাতের টেকসই উন্নয়নে বাজেটের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।
আজ বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।
আরও পড়ুন: সব ধর্মের মানুষের সমমর্যাদা নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার
এ লক্ষ্যে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। শিক্ষায় বরাদ্দের অপচয় রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী দেশের টেকসই উন্নয়নে মানবসম্পদ উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর বিশেষ গুরুত্ব প্রদান করছে। দক্ষ কর্মীদের বিদেশে পাঠানোর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিবিদ্যায় দক্ষ হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিইউপি’র ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দু’টি ১৪ তলা বিশিষ্ট আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দু’টি ১৪ তলা বিশিষ্ট আবাসিক ভবন উদ্বোধন করেন।
আরও পড়ুন: নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী ছাত্রদল
এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন তিনি।
বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল ড. মো. মাহবুব-উ-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন