প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং উপকূলীয় জনগণের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারী ও প্রান্তিক জনগণের ঝুঁকি এবং জলবায়ু নীতিনির্ধারণী কার্যক্রমে নারীর কার্যকর অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল। আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ আফজাল হোসেন, অ্যাডভোকেট সেলিনা বেগম, ফেরদৌসী মহুয়া, হারুন আর রশিদ হাওলাদার, এবং জাগোনারীর পরিচালক (প্রোগ্রাম) গোলাম মোস্তফা।
সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলের মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। এসব সংকটের প্রভাব নারীদের, শিশুদের এবং প্রান্তিক জনগণের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। বিশেষ করে দুর্যোগের সময় নারীদের নিরাপত্তা, স্বাস্থ্য, পানি সংগ্রহ, খাদ্য ব্যবস্থাপনা এবং পরিবারের দায়িত্ব পালনে বাড়তি চাপ সৃষ্টি হয়।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা ও বাস্তবায়নে নারীদের শুধু উপকারভোগী হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং তাঁদের অভিজ্ঞতা, মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার, নারী অধিকার এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি চালিয়ে যেতে হবে।
সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চলমান কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর দাবি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন