০৩:২৪ পি.এম
নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন। এই বিশেষ অ্যাম্বুলেন্সের নাম ‘স্টেলা জুভা’, যা সৌর প্যানেল ব্যবহার করে, গাড়ি চালানোর পাশাপাশি ভেতরের চিকিৎসা সরঞ্জামেও বিদ্যুৎ সরবরাহ করবে।
অ্যাম্বুলেন্সটি তৈরি করেছে আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২৩ জন শিক্ষার্থী। এর মূল লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ সরবরাহ সীমিত এমন প্রত্যন্ত এলাকায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে এবং বিদ্যুৎবিহীন এলাকাতেও চিকিৎসা সরঞ্জাম চালানো সম্ভব হবে।
অ্যাম্বুলেন্সটিতে রয়েছে এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড স্ক্যানার, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র (এইডি) এবং জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম। এর ফলে রোগীকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে ঘটনাস্থলেই প্রাথমিক পরীক্ষা ও জরুরি চিকিৎসা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান
‘স্টেলা জুভা’ একটি দুই আসনের যান। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। তবে এর মূল গুরুত্ব গতি নয়; বরং দুর্গম ও বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা।
প্রকল্পটির পরবর্তী ধাপে অ্যাম্বুলেন্সটি কেনিয়ায় পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা রয়েছে। নির্মাতা দল আফ্রিকার স্বাস্থ্য সংস্থা আমরেফ হেলথ আফ্রিকার সঙ্গে সহযোগিতা করবে এ কাজে।
উদ্ভাবকদের আশা, সফলভাবে পরীক্ষিত হলে সৌরবিদ্যুৎচালিত এই অ্যাম্বুলেন্স আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি করবে। বিশেষ করে যেখানে জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণে প্রচলিত অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জাম পরিচালনা কঠিন, সেখানে এটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে।
সূত্র: ইউরোনিউজ ও সিএনএন
আরও পড়ুন: ইরান শান্তিহীন পরিস্থিতির অবসান চায়, যুদ্ধ আলোচনা চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন