প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নভেম্বরে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে দেশটির শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা ৯৫৩ কোটি ডলারের শেয়ার ক্রয় করেছেন, যা এক মাসে বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ।
জ্বালানি তেলের দাম কমে আসা, কোম্পানিগুলোর আয় পরিস্থিতির উন্নতি এবং বৈশ্বিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার থেকে বিনিয়োগকারীদের সরে আসার কারণে ভারতীয় শেয়ারবাজারে এই বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নভেম্বরে এখন পর্যন্ত ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচক ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর ফলে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ভালো মাসিক প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে দেশটির প্রধান দুই শেয়ারসূচক।
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত চলতি মাসে ভারতের শেয়ার ও বন্ডবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৩৩ কোটি ডলার।
এর আগে ২০২৫ সালে ভারতের শেয়ারবাজার থেকে ১ হাজার ৮৯১ কোটি ডলারের শেয়ার বিক্রি করে বিদেশি বিনিয়োগকারীরা। চলতি বছরের অক্টোবর পর্যন্ত তারা আরো ৩ হাজার ১৪১ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। কোম্পানিগুলোর শেয়ারের অতিমূল্যায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের সুযোগের অভাব এবং জ্বালানি তেলের উচ্চমূল্যকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছিল। তবে নভেম্বরে বিদেশি বিনিয়োগের বড় প্রবাহের ফলে চলতি বছরে ভারতীয় শেয়ারবাজারে তাদের নিট বিক্রির পরিমাণ কমে ২ হাজার ১৮৮ কোটি ডলারে দাঁড়িয়েছে।
বিদেশি বিনিয়োগের বৃদ্ধি এশিয়ার অন্যান্য শেয়ারবাজারের তুলনায় ভারতের পিছিয়ে থাকার ব্যবধান কিছুটা কমিয়েছে। তবে চলতি বছরে এখন পর্যন্ত নিফটি ৫০ সূচক ৩ দশমিক ২ শতাংশ কমেছে। ফলে এশিয়ার দুর্বল পারফরম্যান্স করা শেয়ারবাজারগুলোর মধ্যে ভারত রয়েছে।
এদিকে, সিটি, এইচএসবিসি ও গোল্ডম্যান স্যাকসের মতো আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো ভারতীয় শেয়ারবাজার নিয়ে আশাবাদী হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো এআইনির্ভর শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীদের সরে আসার প্রবণতা ভারতকে সুবিধা দিচ্ছে।
এইচএসবিসির বিশ্লেষকেরা গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, ভারতে ঋণ প্রবৃদ্ধি শক্তিশালী, কোম্পানিগুলোর আয় পরিস্থিতি স্থিতিশীল এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রার বিনিময় হারকে সহায়তা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এশিয়ার এআইনির্ভর বাজারগুলোর তুলনায় ভারত বিনিয়োগে বৈচিত্র্য আনার সুযোগ দিচ্ছে। একই সঙ্গে দেশটির শেয়ারবাজারে অস্থিরতাও তুলনামূলক কম।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, ভারতের শেয়ারবাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখা সহজ হবে না। তাদের মতে, শেয়ারের উচ্চ মূল্যায়ন ধরে রাখতে হলে কোম্পানিগুলোর আয় ধারাবাহিকভাবে বাড়তে হবে।
স্টেট স্ট্রিট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ কৌশলবিদ অ্যাঞ্জেলা ল্যান বলেন, ভারতের শেয়ারবাজারের উচ্চ মূল্যায়নের যৌক্তিকতা ধরে রাখতে ধারাবাহিক আয় প্রবৃদ্ধি প্রয়োজন। বর্তমানে নিফটি ৫০ সূচকের শেয়ারগুলো আগামী ১২ মাসের সম্ভাব্য আয়ের ১৯ গুণ দামে লেনদেন হচ্ছে। এশিয়ার অন্যান্য দেশ ও উদীয়মান বাজারের তুলনায় এই মূল্যায়ন বেশি।
ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে বড় উত্থান
নভেম্বরে ভারতের শেয়ারবাজারের উত্থানে ব্যাংক ও আর্থিক খাতের ভূমিকা সবচেয়ে বেশি। এ মাসে আর্থিক সেবা, ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সূচক ১১ দশমিক ৫ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
নিফটি ৫০ সূচকে সবচেয়ে বেশি ওজন থাকা এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম ১৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ফলে চলতি বছরে ব্যাংকটির শেয়ারের মোট দরপতনের পরিমাণ কমেছে। অন্যদিকে, ত্রৈমাসিক আর্থিক ফলাফল ভালো হওয়ায় আইসিআইসিআই ব্যাংকের শেয়ারের দাম ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্যাংকটির ভালো ফলাফল ঋণ প্রবৃদ্ধি বাড়া এবং মুনাফার ব্যবধানের ওপর চাপ কমার প্রত্যাশা তৈরি করেছে।
ম্যাথিউজ এশিয়ার পোর্টফোলিও ব্যবস্থাপক পীযূষ মিত্তাল বলেন, ঋণ প্রবৃদ্ধি বাড়া এবং মুনাফার ব্যবধানের ওপর চাপ কমে আসায় আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ ভোগব্যয় এবং বৈদ্যুতিক গাড়িসংশ্লিষ্ট (ইভি) গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। নভেম্বরে ভারতের অটোমোবাইল খাতের সূচক ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম ১৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এসইউভি গাড়ির চাহিদা ভালো থাকায় প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক মুনাফা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন