ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ঝিরি থেকে পাথর তুলে উন্নয়ন প্রকল্পে যাচ্ছে


ঝিরি থেকে পাথর তুলে উন্নয়ন প্রকল্পে যাচ্ছে

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম অঞ্চল রেমাক্রী ও বড় মদক এলাকা প্রাকৃতিক পাথরের সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে পরিচিত। দীর্ঘ সময় ধরে পাথরের রাজ্য হিসেবে পরিচিত এই অঞ্চলের ঝিরি থেকে অবাধে পাথর তোলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পাথর তোলার ফলে একদিকে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ঝিরির স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, যা পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, গত দুই বছর ধরে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় পাথর ব্যবসায়ী ও ঠিকাদারদের একটি চক্র রেমাক্রী ও বড় মদক এলাকার প্রাকৃতিক পাথর তুলে তা সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্পের নামে সড়ক ও অবকাঠামো নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদারদের কাছে বিক্রি করছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় মাথায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

তাদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ঝিরি থেকে পাথর তোলার জন্য লামা এলাকার জকির নামের একজন ব্যক্তি শ্রমিক নিয়োগ করেছেন। পাথর তোলার পর সেগুলো ভেঙে খোয়া তৈরি করা হচ্ছে এবং পরে বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে। তবে জাকিরের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড় মদক এলাকার কয়েকজন বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথর তোলার ছবি ও ভিডিও প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালালে বড় মদক ঝিরি থেকে পাথর তোলার সত্যতা উঠে আসে।

বড় মদক পাড়ার বাসিন্দা অংতুয়াই সিং মারমা, অনুমং মারমা, চিংহলা মং মারমাসহ স্থানীয় কয়েকজনের ভাষ্য, গত এক মাস ধরে লামা এলাকার পাথর ব্যবসায়ী জকির প্রায় ২০-৩০ জন শ্রমিক দিয়ে ঝিরি থেকে পাথর তুলছেন। তাদের মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা। তাদের দাবি, ইতোমধ্যে প্রায় পাঁচ থেকে সাত হাজার পিচ পাথর তোলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝিরি থেকে পাথর তুলে তা ক্রাশিং মেশিনের সাহায্যে ভাঙা হয়। পরে ওই ভাঙা পাথর বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প ও সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদারদের কাছে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক

তারা বলছেন, অবৈধ পাথর তোলা বন্ধে গত কয়েক সপ্তাহে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু শনিবার বিকেল ৪টা পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা চলামং থোয়াই নু প্রু মারমার ভাষ্য, পাথর তোলায় বাধা দিতে গেলে ব্যবসায়ী জকির স্থানীয়দের হুমকি-ধমকি দেন। জাকিরের দাবি, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েই তিনি এ কাজ করছেন।

তবে পাথর তোলার বৈধ অনুমতিপত্র কিংবা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে চাইলে জাকির তা দেখাতে পারেননি বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন উঠছে, দুর্গম এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব যাদের, তাদের সহযোগিতায় কীভাবে দিনের পর দিন পাথর তোলা হচ্ছে।

আরও পড়ুন: সাঘাটার তেনাচিরা বিলে পানি কমতেই লাল-সাদায় সেজেছে প্রকৃতি, নজর কাড়ছে দর্শনার্থীদের

এ ব্যাপারে অভিযুক্ত জকিরের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই সৈ থুই মারমা বলেন, "পাথর তোলার বিষয়টি আমার জানা নেই। তবে নদী বা ঝিরি থেকে পাথর না তুলতে বলা হয়েছিল স্থানীয়দের।"

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালকে একাধিকবার কল দেওয়া হলে তিনি তা ধরেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তাতে সাড়া দেননি তিনি।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান বলেন, "পাথর তোলার বিষয়ে আগে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: সাঘাটা-ফুলছড়ি নৌরুটে ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের ভোগান্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি নভোচারী অংশ নেবেন চীনের শেনঝৌ-২৪ মিশনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


পাকিস্তানি নভোচারী অংশ নেবেন চীনের শেনঝৌ-২৪ মিশনে

শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের একজন নভোচারী চীনের মহাকাশ স্টেশনে ‘শেনঝৌ-২৪’ মিশনে অংশগ্রহণ করবেন। এই সিদ্ধান্ত চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় দুই দেশের সহযোগিতার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ওই পাকিস্তানি নভোচারী হবেন চীনের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি ব্যক্তি। তিনি ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করবেন, যার অর্থ হচ্ছে তিনি মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার কাজ করবেন।

তবে চীন এখনও ওই নভোচারীর নাম প্রকাশ করেনি। গত সেপ্টেম্বরে পাকিস্তানের মহাকাশ সংস্থার এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন যে, জিশান আলী ও খুররম দাউদ নামের দুই পাইলট বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন।

চীন এখনও এই মিশনের তারিখ ঘোষণা করেনি। সিসিটিভির তথ্য অনুযায়ী, মহাকাশে স্বল্প সময় অবস্থানের পর ওই পাকিস্তানি নভোচারী ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

এটি চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে প্রথম যৌথ অভিযান হবে, যেখানে চীনা নভোচারীদের পাশাপাশি একজন বিদেশি নভোচারীও অংশ নেবেন। এই উদ্যোগের মাধ্যমে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিজেদের মহাকাশ কূটনীতিও এগিয়ে নিতে চায় বেইজিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগদান করেছেন। একই সময়ে তিনি প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এক ঘোষণার মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসার পর এটিই তার প্রথম উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক নিয়োগ।

ব্লাভাটনিক স্কুল জানায়, ওয়ার্ল্ড লিডার্স সার্কেল হলো সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর লক্ষ্য হলো বিশ্বজুড়ে সুশাসনের উন্নয়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের প্রশিক্ষণে অভিজ্ঞ নেতাদের একত্রিত করা।

এই উদ্যোগের অন্যান্য সদস্যদের মধ্যে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক অন্তর্ভুক্ত রয়েছেন। তারা বৈশ্বিক উদীয়মান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে নিয়মিত বৈঠক করেন।

ব্লাভাটনিক স্কুলের ডিন অধ্যাপক নাইরি উডস বলেন, ‘জাস্টিন ট্রুডোকে ডিস্টিংগুইশড ফেলো এবং ওয়ার্ল্ড লিডার্স সার্কেলের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নেতারা ভাবনা বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ পান।’

তিনি আরও জানান, ট্রুডো এক দশকের জনসেবার অভিজ্ঞতা নিয়ে এই উদ্যোগে যুক্ত হয়েছেন।

২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ট্রুডো এবং ২০২৫ সালে পদত্যাগ করেন। তার মতে, দায়িত্ব পালনকালে বিশ্বে ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে।

ট্রুডো বলেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন রয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা পুনর্গঠনে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা কাজে লাগানো, অন্য নেতাদের সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় এবং ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় রয়েছি। কীভাবে সরকারগুলো পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে সবার জন্য আরো আশাবাদী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তা নিয়ে কাজ করতে চাই।’

সূত্র: ইয়েনি শাফাক

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা

সৌদি আরবে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সকলেই বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

সূত্রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সাথে জড়িত ছিলেন। চকরিয়া উপজেলা প্রশাসনও নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। প্রশাসন তাদের পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় আসার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ওই কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলম শাহ ও তার এক মাস বয়সী শিশুকন্যা।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, নিহতদের সকলের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত। তবে উপজেলার কোন ইউনিয়নের কোন গ্রামে তাদের বাড়ি এবং তারা একই এলাকার বাসিন্দা কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর নিহতদের লাশ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানিয়েছেন, তিনিও মিডিয়ায় বিষয়টি দেখেছেন। তবে অফিসিয়ালি এখনও কিছু জানেন না।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং লাশগুলো কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক সূত্র বলছে, সৌদিতে বাংলাদেশ কনস্যুলেট নিহতদের তথ্য সংগ্রহের চেষ্টা করছে। তারা লাশগুলো দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নরসিংদীর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় জীবনে ঐক্য, সংহতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমৃদ্ধির চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জেলার সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%