১২:২৩ এম
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য পাঠক কর্ণারে নতুন করে ৫৩টি বই রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এই বইগুলো দেওয়া হয়।
পৌরসভার উদ্যোগে ‘উত্তরণ’ এবং সাংবাদিক ইসমাইল মাহমুদও পাঠক কর্ণারের জন্য বই দিয়েছেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে গত বছরের ৩০ অক্টোবর স্টেশনে পাঠক কর্ণারটি স্থাপন করা হয়েছিল। তবে বছর না ঘুরতেই সেখানকার সব বই চুরি হয়ে যায়। এর পর আরও তিন দফায় বই রাখা হলেও প্রতিবারেই পাঠকরা বই নিয়ে ট্রেনে উঠে পড়েন। একপর্যায়ে আবারও বইশূন্য হয়ে যায় পাঠক কর্ণার।
এবার চতুর্থ দফায় নতুন করে ৫৩টি বই রাখা হলো। পাঠক কর্ণারে শিশুতোষ, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের বই অন্তর্ভুক্ত রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী, পথচারী ও স্থানীয় মানুষ যাতে অবসর সময়ে বই পড়ার সুযোগ পান, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মানুষের মধ্যে আবার বই পড়ার অভ্যাস তৈরি হোক, সেটাই তারা চান।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তিনি আরো বলেন, বই পড়ে পাঠকরা যেন তা যথাস্থানে রেখে যান। বই নিয়ে গেলে অন্য একজন পাঠক বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন