শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৫ পি.এম
পাবনার ঈশ্বরদীতে একটি শ্যালোর ইঞ্জিন চালিত স্টেয়ারিং (স্থানীয় ভাষায় কুত্তাগাড়ি) গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটেছে মুনসুর আলী বিশ্বাস (৭০) নামের এক কৃষকের। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী বাজার থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে ফেরার সময় শহরের আলহাজ্ব মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কৃষক উপজেলার সলিমপুর ইউনিয়নের চর ছিলিমপুরের জগনাথপুর গ্রামের আ. রশিদ বিশ্বাসের পুত্র ছিলেন। তিনি কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মুনসুর বিশ্বাস বাইসাইকেল চালিয়ে সলিমপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি শ্যালো ইঞ্জিন চালিত স্টেয়ারিং গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক চালক পালিয়ে গেলেও মোটর শ্রমিক দলের নেতারা স্টেয়ারিং গাড়িটি আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যান।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ জানান, নিহতের মরদেহ থানার হিমাগারে সংরক্ষিত রয়েছে। আটক করা স্টেয়ারিং গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনার পর নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন। তিনি বাংলাদেশের শিক্ষার অধিকার বাস্তবায়নে অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন। ফারিদা শহীদ ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
ফারিদা শহীদ সফরের সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক সংগঠন, শিক্ষার্থী সংগঠন এবং শিক্ষাবিদসহ শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। তিনি দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার পরিকল্পনা করেছেন। সফরে তার ঢাকা, বান্দরবান ও সিলেট যাওয়ার কথা রয়েছে।
সফরের সময় সবার জন্য মানসম্মত সরকারি শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। তিনি বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ ও অধিকার পরিস্থিতি পর্যালোচনা করবেন। শিক্ষা খাতে অর্থায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উত্থাপিত অন্যান্য বিষয়ও তার পর্যালোচনার অন্তর্ভুক্ত থাকবে।
ফারিদা শহীদ আগামী ৩ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকায় জাতিসংঘ ভবনে সফরের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে শুধুমাত্র স্বীকৃত সাংবাদিকেরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী সাংবাদিকদের ১ ডিসেম্বরের মধ্যে মো. মোফাজ্জল হোসেনের সঙ্গে ([email protected]) যোগাযোগ করে নিবন্ধন করতে হবে।
বিশেষ দূত বাংলাদেশ সফরের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বাজারে ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে, ভারতের ফিনটেক প্রতিষ্ঠান পেটিএম সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল অর্থায়ন প্ল্যাটফর্ম ফান্ডিং সোসাইটিজের সঙ্গে অংশীদারিত্ব করতে যাচ্ছে। এই অংশীদারির আওতায়, প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ২ বিলিয়ন রুপি বা ২ কোটি ১৪ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।
পেটিএম একটি বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে তাদের সিঙ্গাপুরভিত্তিক ইউনিট পেটিএম সিঙ্গাপুর ফান্ডিং সোসাইটিজের পেমেন্টস সহযোগী প্রতিষ্ঠান কার্ডআপে প্রায় ১ দশমিক ৬২ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে। এর বিনিময়ে, পেটিএম প্রতিষ্ঠানটির ১৯ দশমিক ১ শতাংশ মালিকানা অর্জন করবে। বাকি প্রায় ৩৮০ মিলিয়ন রুপি ফান্ডিং সোসাইটিজের অন্য কোনো সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হতে পারে বলে জানায় পেটিএম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অংশীদারির আওতায় কার্ডআপের সঙ্গে ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তুলবে ভারতীয় প্রতিষ্ঠানটি। এই সহযোগিতার মাধ্যমে সিঙ্গাপুরে পেমেন্টস ও অন্যান্য আর্থিক সেবা সম্প্রসারণে কার্ডআপকে পেমেন্টস এবং ঋণপ্রযুক্তি সরবরাহ করবে পেটিএম।
পেটিএম জানায়, নির্বাচিত আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি অংশীদারনির্ভর ব্যবসায়িক মডেল অনুসরণ করবে। এই মডেলে স্থানীয় অংশীদাররা বিক্রয়, পণ্য বিতরণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে, প্রযুক্তি ও অন্যান্য সেবা দেওয়ার বিনিময়ে লাইসেন্স ফি, আয় ভাগাভাগি এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে অর্থ উপার্জন করবে পেটিএম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কৌশলে তুলনামূলক কম মূলধন বিনিয়োগ করেই আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) পাকিস্তানি সাংবাদিক শহীদ মাইতলাকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সংগঠনটি তার বিরুদ্ধে আনা সাইবার অপরাধের সব অভিযোগ প্রত্যাহার, অস্থিরতাপূর্ণ বেলুচিস্তান প্রদেশে স্থানান্তর না করার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানায়, শহীদ মাইতলাকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে আটক করা হয়েছে। এ বিষয়ে বেলুচিস্তানের রাজনীতিবিদ আনোয়ার-উল-হক কাকার উর্দু ভাষার সংবাদমাধ্যম ‘ইনডিপেনডেন্ট’-কে জানান, শহীদ মাইতলার বিরুদ্ধে তিনিই অভিযোগ দায়ের করেছেন।
তিনি দাবি করেন, সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কয়েকটি পোস্টে তাকে দুর্নীতির সঙ্গে জড়িত বলে ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য, আনোয়ার-উল-হক কাকার ২০২৩ ও ২০২৪ সালে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদের একটি রেস্তোরাঁ থেকে শহীদ মাইতলাকে তুলে নিয়ে যান ইউনিফর্ম ও সাদা পোশাক পরা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর মাইতলাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তিনি পাকিস্তানের একজন সাবেক টেলিভিশন উপস্থাপক। বর্তমানে তিনি ‘ব্লুম পাকিস্তান ডিজিটাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘ভয়েসপিকে ডট নেট’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর আদালতে শহীদ মাইতলার আইনজীবী হাবিব হানজালা বলেন, তার মক্কেলকে বেআইনিভাবে আটক করা হয়েছে। তিনি জানান, কয়েক মাস আগে শুরু হওয়া এই বিরোধের জেরে গ্রেপ্তার এড়াতে মাইতলা আগেই ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার-পূর্ব জামিন নিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে আটক করা হয়েছে।
মাইতলাকে কোয়েটায় নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ) দুই দিনের সময় দিয়েছেন আদালত। তবে সংস্থাটি এ জন্য সাত দিনের সময় চেয়েছিল। মাইতলাকে বেলুচিস্তানে নিয়ে যাওয়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী হাবিব হানজালা। তিনি বলেন, নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-এর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে মাইতলা হুমকির মুখে রয়েছেন।
আইনজীবী আরো উল্লেখ করেন, বিএলএ চলতি বছর প্রাণঘাতী হামলা জোরদার করেছে। এ কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে মাইতলার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।
সিপিজের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক প্রতিনিধি ওয়ালিউল্লাহ রহমানি বলেন, আইনি সুরক্ষা ও আদালতের জামিন থাকা সত্ত্বেও পাকিস্তানি কর্তৃপক্ষ যেভাবে শহীদ মাইতলাকে অপহরণের মতো করে তুলে নিয়ে গেছে এবং তাকে অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে, তা দেশটিতে আইনের যথাযথ প্রয়োগ ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি চরম অবজ্ঞার পরিচয় দেয়।
তিনি আরো বলেন, কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ও নিঃশর্তভাবে মাইতলাকে মুক্তি দেওয়া, রাষ্ট্রীয় হেফাজতে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে সাইবার অপরাধ আইন ব্যবহার বন্ধ করা। কর্তৃপক্ষ মাইতলার বিরুদ্ধে ‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট’ (পিইসিএ)-এর আওতায় মামলা করেছে। পাকিস্তানে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই আইন ব্যাপকভাবে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর সাংবাদিক মুহাম্মদ বিলাল গৌরিও একইভাবে ইসলামাবাদে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন।
পরে এনসিসিআইএ জানায়, মাইতলাকে পিইসিএ আইনের আওতায় আটক করা হয়েছে। তার আটকের বিষয়ে মন্তব্য জানতে সিপিজের পক্ষ থেকে এনসিসিআইএর কাছে খুদে বার্তা পাঠানো হলেও সংস্থাটি কোনো জবাব দেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ