প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি নেওয়ার জন্য জাল শিক্ষাগত সনদ ব্যবহারের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। অভিযোগের আওতায় সাবেক দুই রেজিস্ট্রারসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তদন্ত শেষে সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবকেও একই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী শনিবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ১৬ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন।
অন্য আসামিদের মধ্যে সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন অন্তর্ভুক্ত রয়েছেন।
২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার আহসান হাবীব যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। যেহেতু আসামিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাই বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে গণ্য হয়। ফলে থানায় অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্তের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়। পরে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে এ মামলা করেন।
মামলার তথ্য অনুযায়ী, আসামি হাসনা হেনা যবিপ্রবিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০২) পদে পদোন্নতি লাভ করেন। চাকরি করার সময় তার দাখিল করা বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ যাচাই-বাছাইকালে জাতীয় বিশ্ববিদ্যালয় তা জাল বলে মতামত দেয়।
অন্যদিকে আসামি সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০২) পদে পদোন্নতি পান। কিন্তু তার চাকরির আবেদনের সাথে দাখিল করা বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।
মো. জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে পরে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। তার চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
মো. জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০১) পদে পদোন্নতি পান। তার চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।
সুমন হোসেন এম.এল.এস.এস পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান। তার চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা এসএসসি পরীক্ষা পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
দুদকের তদন্তে দেখা গেছে, সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব ও এস এম আব্দুল লতিফ ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই-বাছাই না করেই তাদের নিয়োগে সহায়তা করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে যে তারা লাভবান হওয়ার উদ্দেশ্যে যথাযথ দায়িত্ব পালন করেননি।
দুদক সূত্র জানায়, উল্লিখিত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর দাখিল করা শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র যাচাই-বাছাই না করে নিয়োগে সহযোগিতা করার পর যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ও যশোর শিক্ষা বোর্ড কর্মকর্তাদের দাখিল করা সাময়িক সনদপত্র ও নম্বরপত্র জাল বলে মতামত দেয়, তখন বিষয়টি ধরা পড়ার পর দায় এড়াতে বা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন রেজিস্ট্রার মো. আহসান হাবীব।
এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন