০৬:০৭ পি.এম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে, বন বিভাগ একটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার করেছে, যা পরিত্যক্ত বস্তায় বন্দি অবস্থায় ছিল।
স্থানীয়রা সোমবার (২২ জুন) বস্তার মধ্যে কচ্ছপটি দেখতে পেয়ে বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের কর্মকর্তাদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, শুরুতে তারা এটিকে সাধারণ কচ্ছপ মনে করেছিলেন। এরপর বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারেন, এটি মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। পরে প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সিলেটে যান চলাচলে নতুন বিধিনিষেধ, রিকশা চলাচল নিষিদ্ধ
বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেছেন, উদ্ধার হওয়া প্রাণীটি মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ সাধারণত স্থলভাগে বসবাস করে। উদ্ধার করার পর কচ্ছপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বন বিভাগ ও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর তথ্য মতে, বাংলাদেশে প্রায় ৩০ প্রজাতির কচ্ছপ রয়েছে। এর মধ্যে হলুদ পাহাড়ি কচ্ছপ অন্যতম মহাবিপন্ন প্রজাতি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন