১০:৫৫ পি.এম
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : অর্থনৈতিক অঞ্চলসমূহে নতুন বিনিয়োগ বৃদ্ধির জন্য অবকাঠামোগত ও নীতিগত প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)।
আজ সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় বেজিয়ার সভাপতি এম এ জব্বার এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজেদের সংগঠনের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে
সভায় পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দকৃত প্লটের বর্তমান অগ্রগতি, গ্যাস ও শিল্পপানির সংকট, সার্ভিস চার্জ, ভ্যাট, নগদ প্রণোদনা এবং প্রচ্ছন্ন রপ্তানির প্রশাসনিক জটিলতা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন ইউটিলিটি নিশ্চিত হওয়া না পর্যন্ত সার্ভিস চার্জ মওকুফ, লিজ ট্যারিফের ওপর ভ্যাট প্রত্যাহার, ৯৯ বছরের লিজের মিউটেশন ব্যাংকযোগ্য করা এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার দাবি উত্থাপন করা হয়।
এছাড়া, অর্থনৈতিক অঞ্চলে টেকসই শিল্পায়ন ও পারস্পরিক সমন্বয় জোরদারে বেজিয়ার পরিচালনা বোর্ডে বিজিএমইএর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন এম এ জব্বার।
বিজিএমইএ সভাপতি এ প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রতিনিধি মনোনয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন