ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ছাত্রদলের দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত প্রকাশ জুলাই অভ্যুত্থান: রিজভী


ছাত্রদলের দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত প্রকাশ জুলাই অভ্যুত্থান: রিজভী

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ১৭ বছরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি এ বিষয়ে মন্তব্য করে বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুন: ব্যাংক খাত অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে: মাহবুব উল্লাহ

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এই আলোর প্রজ্বালন শুধু এক দিনের জন্য নয়। প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনও আগমন ঘটতে না পারে।’

আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তারা দেশের মেগা প্রজেক্ট অর্থাৎ মেট্রোরেল ও পদ্মা সেতুর টাকা পর্যন্ত চুরি করেছে।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘তারেক রহমানের কাজ দেখে মনে হচ্ছে আমরা, আপনারা–সবাই জাতীয়তাবাদী। কেবল ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, আজ রেড সিগন্যালে যে গাড়িটি নিয়ম মেনে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদেরই অংশ।’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলা এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণে উৎসর্গ করা হয়।

আরও পড়ুন: বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার ও দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি:

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ এম


ফরিদপুরে শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার ও দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

 

ফরিদপুরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়াকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, অনিয়ম ও অন্যান্য অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের রকিব উদ্দিন পৌর মার্কেটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়ন (রেজি. নং-৩৪২৭)-এর নির্যাতিত শ্রমিকদের ব্যানারে লিখিত বক্তব্য পাঠ করেন আসন্ন ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাবুল হোসেন বাবু।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া দীর্ঘদিন ধরে ইউনিয়নের কার্যক্রমে স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, বিরোধী মত দমন এবং ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।

বক্তারা দাবি করেন, ইউনিয়নের সদস্য ভর্তি, চাঁদা আদায়, বিভিন্ন খাতে অর্থ ব্যয় এবং বিগত কয়েক বছরের আয়-ব্যয়ের হিসাব নিয়ে শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হামলা ও সহিংসতার বিভিন্ন ঘটনায় আব্দুল হাকিম মিয়ার সম্পৃক্ততা রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, শ্রমিক ইউনিয়ন একটি সেবামূলক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তাই এখানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ভয়ভীতির পরিবেশ গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। তারা প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ইউনিয়নের সদস্য তোরাফ, সুলতান শেখ, মো. সিদ্দিক শেখ, সাইফুল, মো. মনোয়ার সরদার, আক্তারুজ্জামানসহ বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল হাকিম মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদুজ্জামান শিবচর মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


শিবচরে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ জনজীবন

প্রচণ্ড গরমে জনজীবন যখন নাভিশ্বাস হয়ে উঠেছে, তখন অতিরিক্ত লোডশেডিং মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎ সরবরাহের চাহিদার তুলনায় প্রায় অর্ধেক পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গ্রাম থেকে শহর, সবখানেই মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কোথাও এক থেকে দুই ঘণ্টা, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের অভাব দেখা দিচ্ছে। এতে লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জানা যায়, শিবচর পৌর অঞ্চলে নিয়মিত এক থেকে দেড় ঘণ্টা পর লোডশেডিং করা হলেও গ্রাম অঞ্চলের অবস্থা আরো ভয়াবহ।

বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। কোথাও এক থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুৎ দেওয়া হয়। আবার কখনো টানা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে। আবাসিক এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা বিদ্যুতের অভাবের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন। গৃহস্থালি কাজে বিদ্যুতের ব্যাঘাত ঘটায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে।

পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, শিবচর উপজেলায় ১ লাখ ৬ হাজার গ্রাহক রয়েছে। এই সকল গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ৩৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৬ থেকে ১৭ মেগাওয়াট, যা অর্ধেকেরও কম। তাই এলাকাভিত্তিক সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ হলে পরের ঘণ্টায় ওই এলাকার বিদ্যুৎ দিয়ে অন্য এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে।

শিবচর পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এভাবে আর কতদিন চলবে? প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা নিয়মিত বিদ্যুতের বিল দিই, কিন্তু প্রয়োজনের সময় বিদ্যুৎ পাই না। দিনে-রাতে ঘন ঘন লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে জানান তিনি।

লোডশেডিংয়ের কারণে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকদেরও বিপাকে পড়তে হচ্ছে। স্থানীয় ভ্যানচালক রফিক বলেন, রাতে ঠিকমতো ব্যাটারি চার্জ দিতে পারি না। তাই সকালে বের হলেও, দুপুরের আগেই ভ্যান বন্ধ করে বাড়ি ফিরতে হয়। আগে আয় হতো ৬০০ থেকে ১ হাজার টাকা, এখন ৩০০ টাকাও হয় না। সংসারে বউ-বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুরে দেখা যায়, লোডশেডিংয়ে শিশু, বৃদ্ধ-বৃদ্ধাসহ নানা বয়সের রোগীরা কষ্ট পাচ্ছে। হাসপাতালে ভর্তি রোগী খবির মিয়া বলেন, হাসপাতালে এসেছি সুস্থ হতে, কিন্তু কারেন্ট না থাকায় গরমে মনে হচ্ছে দমই বন্ধ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ঘেমে থাকছি, চোখে ঘুম আসে না। এই কষ্টে রোগ ভালো হওয়ার বদলে আরো বাড়তে শুরু করেছে।

এ বিষয়ে শিবচর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার অভিলাষ চন্দ্র পাল বলেন, শিবচরে ৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু পাচ্ছি মাত্র ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ। আমরা চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছি। তাই নির্দিষ্ট সময় পর পর লোডশেডিং দিয়ে সরবরাহ বজায় রাখার চেষ্টা করছি। তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে কাজ করে চলেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ শেষ ষোলোর আগে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ শেষ ষোলোর আগে

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিলের জন্য একটি বড় দুঃসংবাদ এসেছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতার বাঁ ঊরুর পেছনের পেশীতে চোট ধরা পড়েছে। তাই পরবর্তী নকআউট পর্বের ম্যাচে তাকে পাওয়া যাবে না।

জাপানের সঙ্গে খেলায় প্রথমার্ধের পর থেকেই তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। মাঠে তার আচরণ ছিল ব্যথায় কাতর। এই পরিস্থিতিতে সতীর্থ নেইমার ও এন্দ্রিক তাকে সান্ত্বনা দেন। দ্বিতীয়ার্ধে পাকেতার বদলি হিসেবে মাঠে নামেন এন্দ্রিক।

মঙ্গলবার পাকেতার স্ক্যান করানো হলে বাঁ ঊরুর পেছনের পেশীতে আঘাতের বিষয়টি নিশ্চিত হয়। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, মঙ্গলবারের ইমেজিং পরীক্ষায় লুকাস পাকেতার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হবে, যাতে যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসতে পারে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই পাকেতা শুরুর একাদশে ছিলেন। মাঝমাঠে তার উপস্থিতি দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ইনজুরির কারণে শেষ ষোলোর ম্যাচে সেই ভরসা থাকছে না।

এর আগে চোটের কারণে রাফিনহাকেও হারাতে হয়েছে ব্রাজিলকে। এবার পাকেতার ছিটকে যাওয়ায় নকআউট পর্বের আগে কোচের উদ্বেগ আরও বেড়ে গেল।

গ্রুপ পর্ব শেষে ব্রাজিল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। এখন নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলার অপেক্ষায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ এম


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্মসূচির এই ঘোষণা দেন। এই সংবাদ সম্মেলন শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত হয়।

জামায়াতের মাসব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো ২-৯ জুলাইে রাজধানীতে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভার আয়োজন করা হবে। ১৮-৩১ জুলাই সারা দেশে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। ১ আগস্ট সারা দেশে (মহানগরী, জেলা ও উপজেলা) গণমিছিলের আয়োজন করা হবে। ২-৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হবে এবং ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, জামায়াতের মহিলা বিভাগ ও ছাত্রসংগঠন আলাদা কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে। জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের কর্মসূচিতে জামায়াত অংশগ্রহণ করবে বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের তিনটি দাবি থাকবে। এগুলো হলো- গণঅভ্যুত্থানের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা; শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের বিচার করা; এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%